তৃণমূল কংগ্রেস নেতা ৪৫ কেজি সোনাসহ আটক
বাংলাদেশ থেকে গাড়িতে করে ৪৫ কেজি সোনা ভারতে পাচার করে নিয়ে যাওয়ার সময় দুজন ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আটক সোনার আনুমানিক দাম ১৩ কোটি ভারতীয় রুপি। গতকাল রোববার তাঁদের আটক করা হয়।
মূল পাচারকারী আটক আবদুল বারিক বিশ্বাস পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল কংগ্রেস দলের নেতা। দ্বিতীয় ব্যক্তি তাঁর গাড়ির চালক। তবে তৃণমূলের নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বারিক বিশ্বাস তাঁদের দলের নেতা নন।
শুল্ক ও গোয়েন্দা বিভাগ তথা ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) বলছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে একটি গাড়ি থেকে আবদুল বারিক বিশ্বাস ও তাঁর গাড়ির চালককে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৪৫ কেজি সোনা উদ্ধার করা হয়। তাঁদের ধারণা বারিক বিশ্বাস ওই সোনা বাংলাদেশ থেকে বেআইনি পথে নিয়ে এসেছেন। বিবিসি বাংলা।