তৃণমূল কংগ্রেসকে এনডিএতে যোগদানের আহ্বান বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি। কলকাতার রানি রাসমণি রোডে গত সোমবার আয়োজিত বিজেপির এক সমাবেশ থেকে এই আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী রাজনাথ সিং। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এনডিএর নেতৃত্ব দিচ্ছে বিজেপি।সমাবেশে মমতার প্রতি আহ্বান জানিয়ে রাজনাথ সিং বলেন, ‘আপনি বারবার কেন্দ্রের কাছে ধরনা দিয়ে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চেয়েও পাননি। অধিকন্তু আপনি সাবেক বামফ্রন্ট সরকারের ঋণের বোঝা মাথায় নিয়ে রাজ্য চালাচ্ছেন। এবার আমাদের সঙ্গে আসুন। এনডিএ আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। আপনার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। আগামীতে এনডিএ ক্ষমতায় এলে আপনার রাজ্যের জন্য দেওয়া হবে বিশেষ আর্থিক প্যাকেজ। তাই ফিরে আসুন।’সমাবেশে বিজেপির নেতারা মমতার এক বছরের শাসনের তীব্র সমালোচনা করে বলেন, সিপিএম দলবাজি করে যেভাবে রাজ্য চালিয়েছে, মমতাও সেই পথ অনুসরণ করে চলেছেন।