তৃণমূল কংগ্রেসের নয় মন্ত্রী ও ৬৯ বিধায়কের বিরুদ্ধে মামলা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নয়জন মন্ত্রী ও ৬৯ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা বাধানো, সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র রাখাসহ বিভিন্ন ফৌজদারি অভিযোগে এসব মামলা হয়েছে। এর মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। যে নয়জন মন্ত্রীর নামে মামলা রয়েছে, তাঁরা হলেন: মলয় ঘটক (আইন ও বিচার বিভাগ), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়ন), রবীন্দ্রনাথ ভট্টাচার্য (কৃষি), সুব্রত মুখার্জি (পঞ্চায়েত), জাভেদ আহমেদ (দমকল ও বিপর্যয় মোকাবিলা), শ্যামাপদ মুখার্জি (শিশুকল্যাণ), মদন মিত্র (ক্রীড়া), শান্তিরাম মাহাত (স্বনির্ভর ও স্বনিযুক্তিয় দপ্তর) এবং আবদুল করিম চৌধুরী (জনশিক্ষা ও গ্রন্থাগার)।মামলা রয়েছে এমন ৬৯ জন বিধায়কের মধ্যে উল্লেখযোগ্য হলেন: অর্জুন সিং, শেখ শাহনেওয়াজ, বেচারাম মান্না, সমীর জানা, রাধাকান্ত মাইতি, সুজিত বসু প্রমুখ। বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীরা নিজেদের ব্যক্তিগত তথ্যসংবলিত যে হলফনামা জমা দিয়েছেন, তার ভিত্তিতে ভারতের একটি কেন্দ্রীয় সংস্থা এ প্রতিবেদন প্রকাশ করেছে।পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ১৮৫ জন সদস্য রয়েছে। বিরোধী দল বামফ্রন্ট অভিযোগ করেছে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গত ১০ মাসে দলের তিন হাজার ২০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছয় হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।