তৃণমূল ক্ষমতায় এলে মন্ত্রিসভার আকার ছোট হবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস-কংগ্রেস জোট ক্ষমতায় এলে ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে। মন্ত্রিসভার আকার বামফ্রন্টের মন্ত্রিসভার মতো অত বড় হবে না। গত শুক্রবার কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার লক্ষ রাজ্যবাসীকে সুশাসন দেওয়া।’ বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন বা গৌতম দেবের মধ্যে কাকে বিরোধী দলের নেতা হিসাবে দেখতে চান? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে তিনজনই হারতে চলেছেন। মমতা বলেন, দলমতের ঊর্ধ্বে একজন যোগ্য ব্যক্তিকে স্পিকার পদে বসানো হবে। তিনি বলেন, তাঁদের জোট ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে দার্জিলিং ও জঙ্গল মহলের সমস্যার সমাধান করা হবে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর হাতেই থাকবে স্বরাষ্ট্র দপ্তর। তিনি আরও বলেন, তাঁরা সরকারে এলে তাঁর দলের একজন যোগ্য ব্যক্তিকে রেলমন্ত্রী করা হবে। মমতা বলেন, তণৃমূল কংগ্রেস-কংগ্রেস জোটের নির্বাচনী প্রচারের জন্য পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গ সচিবালয় মহকরণের লাল রং কি পাল্টে সবুজ করবেন? এই প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘সব রং-ই ভালো। তবে আমি সবুজ রং একটু বেশি ভালোবাসি।’