তৃণমূল ছাড়ার ঘোষণা সোমেন মিত্রের
তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাংসদ সোমেন মিত্র দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কলকাতার আমহার্স্ট স্ট্রিটের একটি মণ্ডপে কালীপূজা উদ্বোধন করতে গিয়ে তিনি ওই ঘোষণা দেন।
সোমেন বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেস ছাড়ছি। ছাড়ছি সাংসদ পদও।’
সোমেন মিত্র একসময় কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন। ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতিও। এই সভাপতি পদের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। ওই নির্বাচনে মমতা পরাজিত হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েন ২০০৭ সালে। আর ২০০৯ সালে লোকসভা নির্বাচনের আগে সোমেন মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে সংসদ পদে লড়ে বিজয়ী হন।
এর আগে সোমেন মিত্রের স্ত্রী বিধায়ক শিখা মিত্রকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করো হয়েছিল। শিখা তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন। দলের সঙ্গে মতপার্থক্য হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।