তৃণমূল সাংসদ কুণাল ঘোষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা গোষ্ঠীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির মিডিয়া সেলের সাবেক প্রধান ও তৃণমূলের সাংসদ কুণাল ঘোষকে আজ শনিবার গ্রেপ্তার করেছে কলকাতার দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। এর আগে গ্রেপ্তারের হুমকির বিষয় উল্লেখ করে আজ বিকেলে কলকাতার বিধান নগরের পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষের বিরুদ্ধে দক্ষিণ বিধান নগর থানায় এফআইআর দায়ের করেন সাংসদ কুণাল ঘোষ। এ সময় কুণাল ঘোষকে দীর্ঘ জেরা করার পর গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের আগে কুণাল সাংবাদিকদের বলেছিলেন, সারদা-কাণ্ড নিয়ে তাঁকে গতকাল জেরার সময় গোয়েন্দাপ্রধান তাঁর কাছে মিডিয়া ছাড়া আর কোথায় কোথায় সারদার টাকা আছে, তা জানতে চান। জবাবে কুণাল জানান, এ ব্যাপারে তাঁর জানা নেই। এতে ক্ষুব্ধ হয়ে গোয়েন্দাপ্রধান কুণাল ঘোষকে গ্রেপ্তারের হুমকি দেন। এরপর গতকাল রাতেই তাঁর বাড়িতে পুলিশ খোঁজ নেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। গ্রেপ্তারের আশঙ্কায় ভুগতে থাকেন।

কুণাল সাংবাদিকদের আরও জানান, সারদা-কাণ্ডের দায় এড়াতে পারে না পশ্চিমবঙ্গ সরকার। তিনি এ ঘটনার সঙ্গে তৃণমূলের শীর্ষ কয়েকজন নেতার যুক্ত থাকারও ইঙ্গিত দেন। সারদা থেকে যাঁরা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন আজ তারা ভগবান-জ্ঞানে পূজিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গের অন্যতম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন  সাধারণ মানুষের টাকা আত্মসাত্ করে গত ১০ এপ্রিল আত্মগোপন করেন। পরে পুলিশ ২৩ এপ্রিল সুদীপ্ত সেনকে জম্মু কাশ্মীরের একটি হোটেল থেকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার করে। সুদীপ্ত সেনসহ আরও কয়েকজন সারদার কর্মকর্তা এখন কারাগারে।

সারদা গোষ্ঠীর বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সারদার ছিল অন্তত ১০টি সংবাদপত্র ও টিভি চ্যানেল। এর অধিকাংশই এখন বন্ধ হয়ে গেছে।