তৃণমূল সাংসদ কুণাল ঘোষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কাণ্ড নিয়ে সারদা গোষ্ঠীর মিডিয়া সেলের প্রধান, তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে কলকাতার দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। এর আগে কুণাল ঘোষ তাঁকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল কলকাতার বিধান নগরের পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষের বিরুদ্ধে দক্ষিণ বিধান নগর থানায় এফআইআর দায়ের করেন।
কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, তাঁকে গ্রেপ্তারের আগে সারদা কাণ্ড নিয়ে দক্ষিণ বিধান নগর থানায় এক জেরায় গোয়েন্দাপ্রধান তাঁর কাছে জানতে চান, মিডিয়া ছাড়া আর কোথায় কোথায় সারদার টাকা আছে? জবাবে কুণাল বলেন, এ ব্যাপারে তাঁর জানা নেই। এতে ক্ষুব্ধ হয়ে গোয়েন্দাপ্রধান কুণাল ঘোষকে গ্রেপ্তারের হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হয়ে তিনি গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
কুণাল ঘোষ বলেন, সারদা কাণ্ডের দায় এড়াতে পারে না পশ্চিমবঙ্গ সরকার। এই কাণ্ডের সঙ্গে তৃণমূলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার যুক্ত থাকারও ইঙ্গিত দেন তিনি।
পশ্চিমবঙ্গের অন্যতম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে গত ২৩ এপ্রিল জন্মু কাশ্মীরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
সারদা গোষ্ঠীর বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।