পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি অনেক পরিকল্পিতভাবে তৈরি হয়ে নেমেছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তূণমূল কংগ্রেসই বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল। তাই পশ্চিমবঙ্গে বিজেপির বাড়বাড়ন্তের নৈতিক দায় তৃণমূল অস্বীকার করতে পারে না।
তৃণমূল ও বিজেপি সম্পর্কে গতকাল শনিবার এ মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। তিনি এদিন কলকাতা প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনার পাশাপাশি বিজেপি প্রসঙ্গ, সারদা কেলেঙ্কারিতে তৃণমূল নেতাদের সম্পৃক্ততা আড়াল করার চেষ্টাসহ নানা বিষয়ে কথা বলেন।
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম তিন বছরের তৃণমূল শাসনকালের সঙ্গে ১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পরের তিন বছরের তুলনা দেন বিমান বসু। তিনি বলেন, বামপন্থীরা ক্ষমতায় এসে প্রথমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা (জরুরি অবস্থার পরে) করেছিল, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে তিন স্তরের পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল, ভূমিসংস্কার করে ভূমিহীন কৃষকদের জমির পাট্টা দিতে শুরু করেছিল, অপারেশন বর্গা প্রকল্পে বর্গাদারের অধিকারকে দিয়েছিল আইনী স্বীকৃতি। এ সময় শিক্ষাক্ষেত্রে নকলের দৌরাত্ম্য বন্ধ ও বিদ্যুতের ঘাটতি মেটাতে নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজেও হাত দিয়েছিল বামফ্রন্ট সরকার। আর তৃণমূল সরকারের প্রথম তিন বছরে রাজ্য নানা ক্ষেত্রে পিছু হটতে শুরু করেছে। শিক্ষায় নৈরাজ্য ও পাইকারি নকল ফিরে এসেছে, কৃষিজমি কমছে, ৮৯ জন কৃষক ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন শিল্পে বিনিয়োগও হচ্ছে না। বিমান বসু আরও অভিযোগ করেন, বেকার যুবক-যুবতীর সংখ্যা হু হু করে বাড়ছে। স্কুলশিক্ষকের হাজার হাজার পদ খালি, অথচ শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠছে। পরীক্ষার ফলের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুসারে চাকরি না দিয়ে তালিকার নিচে থাকা অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। বামফ্রন্ট চেয়ারম্যান মনে করিয়ে দেন, তৃণমূল জমানার তিন বছরে রাজ্যে নারী নিগ্রহ, খুন ও ধর্ষণের ঘটনা নতুন মাত্রা পেয়েছে।
নির্বাচন কমিশন: প্রথম দফায় রাজ্যের চারটি লোকসভা আসনে ভোটের পর এখন প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে বামপন্থীরা।
উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনের ভোট গ্রহণব্যবস্থার কড়া সমালোচনা করে বিমান বসু বলেন, নির্বাচন কমিশনকে কোচবিহারের বেশ কিছু উত্তেজনাপ্রবণ এলাকার কথা আগাম জানিয়ে লিখিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু কমিশন যাবতীয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যকে দার্জিলিংয়ে মোতায়েন করে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভোটকেন্দ্রগুলো রাজ্য পুলিশের অধীনে থাকে। এমনকি ভোটদাতাদের ভয় কাটাতে উত্তেজনাপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে টহলও দিতে দেখা যায়নি।
বিমান বসু আরও বলেন, ক্ষমতাসীন তৃণমূলের সন্ত্রাসের কবলে পড়ে তাঁর দলের ৪৬ হাজার কর্মী-সমর্থক বহুদিন গ্রামছাড়া ছিলেন। এখনো ১৬ হাজার কর্মী বাড়ি ফিরতে পারেননি। নির্বাচন কমিশনকে বলা হয়েছে তাদের নিরাপত্তা দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে।
বিজেপি: সিপিএমের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভারতের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আগে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ছয় বছর ক্ষমতায় ছিল, তারপরে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ১০ বছর চালিয়েছে। কিছু উন্নয়ন অবশ্যই হয়েছে, কিন্তু তা ভোগ করছে দেশের মুষ্টিমেয় মানুষ। খাদ্যশস্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারদর চড়া। দেশের ৮৬ কোটি মানুষেরই দিনে ২০ টাকার বেশি খরচ করার সামর্থ্য নেই। ফলে, মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপি এখন দেশের মানুষকে ধোঁকা দিতে নতুন এক উন্নত ভারতের কথা বলছে। কিন্তু বিজেপি ও কংগ্রেসের আর্থিক নীতিতে কোনো ফারাক নেই। তা ছাড়া বিজেপি দেশকে ধর্মের নামে ভাগ করতে চায়। তাদের নেতা নরেন্দ্র মোদি আজ পর্যন্ত গুজরাট দাঙ্গার জন্য সামান্য দুঃখ প্রকাশ পর্যন্ত করতে নারাজ। বিজেপি দেশের ক্ষমতায় এলে তা গভীর অমঙ্গল ডেকে আনবে।
সারদা কেলেঙ্কারি: বিমান বসুর অভিযোগ, সারদা কেলেঙ্কারিতে রাজ্য সরকার এক বছর ধরে রাঘব-বোয়ালদের আড়াল করে চুনোপুঁটিদের ধরছে। তিনি বলেন, এখন জানা যাচ্ছে, তৃণমূলের অনেক নেতা ও মন্ত্রী এই কেলেঙ্কারিতে ঘনিষ্ঠভাবে জড়িত। সাম্প্রতিক অতীতে একজন মন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে সারদা গোষ্ঠীর অনুষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার নির্বাচনী জনসভায় দাবি করেন, তাঁর দল সারদার মতো কোনো চিট ফান্ডের টাকা নেয় না। তাঁর পাল্টা অভিযোগ, সিপিএম-ই ৩০ বছর ধরে চিট ফান্ডের টাকা নিয়েছে।
বিমানবাবুর পাল্টা প্রশ্ন, ‘তাই যদি হবে, তাহলে মমতার সরকার কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে তদন্তভার দিতে এত আপত্তি করছে কেন? আমরা তো বলেইছি, সিবিআই তদন্ত করে যদি বামপন্থী নেতাদেরও জড়িত পায়, তাহলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরুক। তৃণমূল নেতাদের জড়িত পেলে তাঁদেরও ধরুক। আসলে, যারা দুর্নীতির পর্দা ফাঁস করতে চায় না, তারা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।