তৃণমূলকে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট হটানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টকে হটাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে তাঁদের আপত্তি নেই। জোট বেঁধেই তাঁরা লড়তে চান। তবে জোট হতে হবে সম্মানজনক। গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ সফরের শেষ দিন রাহুল কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, মাওবাদী সমস্যা আজ একটি বড় সমস্যা। এ সমস্যার কারণ অনেক। এর মধ্যে দারিদ্র্য ও যোগাযোগের অভাব অন্যতম। এই সমস্যা সমাধানে রাজনৈতিক যোগাযোগ আরও বাড়ানো উচিত। তিনি বলেন, মমতা গরিবের রাজনীতি করেন। কংগ্রেসের নীতিও গরিবদের নিয়ে রাজনীতি করা। তাই আমাদের লক্ষ্য, বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। রাহুল বলেন, জমি অধিগ্রহণ-সংক্রান্ত নতুন বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্বচ্ছতার মধ্য দিয়ে হরিয়ানায় এই জমি অধিগ্রহণ হচ্ছে। আমরা চাই, জমি অধিগ্রহণে ‘হরিয়ানা মডেল’ প্রয়োগ করতে। তিনি বলেন, ‘আমি দেশের সর্বত্র যাব। কাশ্মীরেও যাব। আমি মনে করি, নতুন প্রজন্মকে রাজনীতিতে আনা উচিত।’ বাঙালি ভোজ: কলকাতায় বাঙালি রসনার জন্য সুনাম রয়েছে ভজহরি মান্না রেস্তোরাঁর। রাহুলের ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে বিশেষ ব্যবস্থায় তিন বন্ধুসহ তাঁকে ওই রেস্তোরাঁয় নিয়ে যাওয়া হয়। সেখানে রাহুলের খাবারের তালিকায় ছিল সাদা ভাত, শুক্তো, ভাজা মুগের ডাল, আলুভাজা, ঝিঙে পোস্ত, ছানার ডালনা, মোচার ঘণ্ট, আলু ফুলকপির তরকারি, ভেটকি মাছের পাতুড়ি ও ইলিশ বরিশালি। এ ছাড়া রসমুণ্ডির পায়েস, খেজুর গুড়ের রস দিয়ে তৈরি আইসক্রিম ও মিষ্টি পান ছিল।