তৃণমূলকে হারাতে আত্মবিশ্বাসী বামফ্রন্ট
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ে বামফ্রন্ট একটি হলেও বেশি আসন পাবে। সিপিএম বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র এমন দাবি করেছেন।
গতকাল রোববার রাতে কলকাতার বাংলা সংবাদ চ্যানেল ২৪ ঘণ্টার সঙ্গে এক সাক্ষাত্কারে এ দাবি করেন সূর্যকান্ত।
সিপিএমের এই বিধায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, তিন বছরের শাসনকালে পশ্চিমবঙ্গের কিছু মানুষ তৃণমূলকে চিনেছে। পাঁচ বছর ক্ষমতায় থাকলে মানুষ তাদের হাড়ে হাড়ে চিনবেন। তৃণমূলের চেয়ে বামরা যে শক্তিশালী, তা এ রাজ্যের মানুষ দেখেছে ব্রিগেডের সমাবেশে। আমরা এখনো আত্মবিশ্বাসী যে এবার তৃণমূলকে পরাস্ত করতে পারব।
পশ্চিমবঙ্গের বিরোধী দলের এই নেতা বলেন, কংগ্রেস ও বিজেপির একই নীতি। লাগামহীন দুর্নীতি। এর বিরুদ্ধে একমাত্র বিকল্প বামদল। তারা আজও ধারাবাহিকভাবে লড়াই করে আসছে উদারনীতি ও দুর্নীতির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে। তাই বিজেপি ঠেকাতে বামদলের বিকল্প আর কেউ নেই।
সূর্যকান্ত মিশ্র বলেন, বিরোধী নেত্রী থাকাকালে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলে যেতেন মোটরসাইকেলে। এখন যেতে হয় দুটি ডামি ও দ্বিগুণ নিরাপত্তা নিয়ে।