তৃণমূলমুক্ত বাংলা গড়ার ডাক বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানে চাঙা হয়ে ওঠা রাজ্য বিজেপির নেতারা ২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তোলার স্বপ্ন দেখা শুরু করেছেন। গতকাল সোমবার বিজেপির ‘বাংলা বাঁচাও পক্ষ পালন’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতা শহরে বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এই মিছিল থেকেই পশ্চিমবঙ্গকে তৃণমূলমুক্ত করার ডাক দেন বিজেপির নেতারা।

এদিন কলেজ স্কোয়ার থেকে মিছিল বের হয়ে শেষ হয় রানি রাসমণি অ্যাভিনিউতে। এখানেই প্রতিবাদ সমাবেশ থেকে রাজ্য নেতারা তৃণমূলমুক্ত বাংলা গড়ার ডাক দেন। সমাবেশে বক্তব্য দেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা, সিদ্ধার্থ নাথ সিং, সাংসদ বাবুল সুপ্রিয় প্রমুখ।

নেতারা বলেন, এই রাজ্যের আসল পরিবর্তন আসবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে। ২০১৬ সালে তৃণমূলমুক্ত বাংলা গড়বে বিজেপি। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, নারী নির্যাতনে এখন জেরবার হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই তৃণমূলের শাসন থেকে এই রাজ্যকে মুক্ত করতে হবে।

এই রাজ্যে বিজেপির তেমন কোনো সাংগঠনিক কাঠামো অতীতে ছিল না। এখনো সাংগঠনিক দিক দিয়ে বিজেপি এই রাজ্যে দুর্বল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ৪ শতাংশ ভোট পেয়েছিল। এবার মোদি হাওয়ায় এক লাফে বিজেপির ভোট বেড়ে গেছে ১৭ শতাংশ। এটাই এখন অস্ত্র বিজেপির। এবারের লোকসভা নির্বাচনের পর হিসাব কষে দেখা গেছে, বিধানসভাভিত্তিক আসনে বহু কেন্দ্রেই তৃণমূলের চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি।

পশ্চিমবঙ্গে রয়েছে লোকসভার ৪২টি আসন। এই ৪২টি আসনের অন্তর্ভুক্ত রয়েছে ২৯৪টি বিধানসভার আসন। অর্থাত্ প্রতিটি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসন রয়েছে। লোকসভা নির্বাচনের পর হিসাব করে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২১৬টি আসনে এগিয়ে। বামফ্রন্ট এগিয়ে মাত্র ২৯টি আসনে। কংগ্রেস ২৮টিতে আর বিজেপি এগিয়ে আছে ২১টি আসনে।