তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে। প্রয়োজনীয় ৫০ সদস্যের সমর্থন না থাকায় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গতকাল বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবটি খারিজ করা হয়।লোকসভার শীতকালীন অধিবেশন গতকালই শুরু হয়েছে। অধিবেশন শুরুর পর পরই ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নেয় তৃণমূল। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য প্রস্তাবের পক্ষে লোকসভার ৫০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। তৃণমূলের প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না থাকায় তা বাতিল করে দেন লোকসভার স্পিকার মীরা কুমার।বর্তমান সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ এটাই প্রথম। তৃণমূলের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন দলের সংসদীয় কমিটির নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাদের পক্ষে সমর্থন করে উড়িষ্যার স্থানীয় দল বিজু জনতা দল (বিজেডি)। লোকসভায় তৃণমূলের সদস্য আছেন ১৮ জন এবং বিজেডির আসন মাত্র তিনটি।সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বলেন, ‘দেশের খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের (এফডিআই) সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কাজেই তাদের এই সিদ্ধান্তের পক্ষে পার্লামেন্টের সমর্থন আছে কি না, তা যাচাই করা প্রয়োজন।’এ সময় অনাস্থা প্রস্তাবের পক্ষে যাঁরা সমর্থন দিচ্ছেন, তাঁদের দাঁড়ানোর অনুরোধ করেন স্পিকার মীরা কুমার। তৃণমূলের সদস্যরা দাঁড়িয়ে গেলে কংগ্রেসের সারি থেকে ‘লজ্জা, লজ্জা’ বলে স্লোগান দেওয়া হয়।প্রস্তাবের পক্ষে সমর্থন দেওয়া সদস্যদের সংখ্যা ৫০ না হওয়ায় স্পিকার বলেন, ‘এই প্রস্তাব পার্লামেন্টে আর অগ্রসর হতে পারে না।’ পিটিআই।