ক্ষমতা গ্রহণের মাত্র আট মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের শাসক কংগ্রেস-তৃণমূল জোটে আরও জট বেঁধেছে। এখন তৃণমূল ও কংগ্রেস মুখোমুখি অবস্থানে। অথচ আগামী বছর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন।পশ্চিমবঙ্গে ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনেই প্রথম ধস নেমেছিল বাম শিবিরে। তারপর ২০০৯-এর লোকসভা নির্বাচন, ২০১০-এর পৌরসভা নির্বাচন এবং সবশেষে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে কংগ্রেস-তৃণমূল।সেই জয়ের ধারায় গত বছরের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস-তৃণমূল জোট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠন করে। কিন্তু ক্ষমতা গ্রহণের আট মাসের মধ্যে এ জোটের দুই শরিকের মধ্যে দেখা দেয় রাজনৈতিক দ্বন্দ্ব।মূলত পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি, খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ, সর্বশেষ লোকপাল বিল নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দ্বন্দ্ব তীব্র হয়। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, চাইলে কংগ্রেস তৃণমূল জোট থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া হুমকি দেন, দলের হাইকমান্ড চাইলে তাঁরা রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেও প্রস্তুত।জোট ভেঙে গেলে দিল্লির কেন্দ্রীয় সরকারে এর প্রভাব পড়বে। দলের হাইকমান্ড ইতিমধ্যেই রাজ্য কংগ্রেসকে নির্দেশ দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাক। কিন্তু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা যাবে না। মমতা চাইবেন, কংগ্রেস বেরিয়ে যাক। তৃণমূলের সেই ফাঁদে পা দেওয়া যাবে না।