তৃতীয় মেয়াদে জয়ী হচ্ছেন মেরকেল!

জার্মানির সাধারণ নির্বাচন কাল রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নেরই (সিডিইউ) জয়ের আভাস পাওয়া যাচ্ছে। সিডিইউর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) পার্টির।
সিডিইউ জয়ী হলে মেরকেল টানা তৃতীয় মেয়াদে জার্মান চ্যান্সেলর হওয়ার গৌরব অর্জন করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হেলমুট কোল ও কনরাড আডেনাওয়ার পর মেরকেল হবেন এমন রেকর্ডধারী তৃতীয় চ্যান্সেলর। সর্বশেষ জনমত জরিপে দেখা যায়, মেরকেলের পক্ষে ৫৩ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী এসপিডির মনোনীত চ্যান্সেলর পদপ্রার্থী পেয়ার স্টাইনবুর্কের পক্ষে রয়েছে মাত্র ২৬ শতাংশের সমর্থন।
বিশ্লেষকদের মতে, অন্যান্য সাফল্যের পাশাপাশি ইউরো জোনের মন্দা পরিস্থিতিতে দেশের অর্থনীতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ায় দারুণ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন মেরকেল। এটিই আবার তাঁর ক্ষমতায় আসার উজ্জ্বল সম্ভাবনার প্রধান কারণ।
অ্যাঙ্গেলা মেরকেল গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব জার্মানির রিবনিৎজ-অ্যামগার্টেন শহরে নির্বাচনী প্রচারণা চালান। একই দিনে তাঁর প্রতিদ্বন্দ্বী স্টাইনবুর্ক বার্লিনের আলেক্সান্ডার স্কোয়ারে আয়োজিত নির্বাচনী প্রচারাভিযানে যোগ দেন।
জয়ের সম্ভাবনা থাকলেও মেরকেলের দল শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী এসপিডির সঙ্গেই জোট সরকার গঠনে বাধ্য হতে পারে। যদিও তা হলে তাদের সম্পর্ক খুব সহজ হবে বলে মনে হয় না। বিশেষ করে পার্লামেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন নিয়ে মেরকেলের সঙ্গে এসপিডির প্রধান সিগমার গ্যাব্রিয়েলের মতভেদের আশঙ্কা রয়ে গেছে। শুধু গ্যাব্রিয়েল নন, মেরকেলের সঙ্গে চ্যান্সেলর প্রার্থী স্টাইনবুর্কের সম্পর্কও এখন সহজ নয়। স্টাইনবুর্ক এর আগে মেরকেলের সরকারে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর অধীনে আর কোনো সরকারে কাজ না করার ঘোষণা দিয়েছেন।
নির্বাচনে সিডিইউ ও এসপিডি ছাড়া প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো হলো: পরিবেশবাদী দল গ্রিন পার্টি, লিবারেল বা ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি), ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন (সিএসইউ) ও বাম দল।
জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে ৬২০টি আসন রয়েছে। বিদায়ী পার্লামেন্টে সিডিইউ ও সিএসইউর যৌথভাবে ২৩৭টি আসন ছিল। এসপিডির ছিল ১৪৬টি। এএফপি ও রয়টার্স।