তৃতীয় ইউপিএ হতে যাচ্ছে নরেন্দ্র মোদি সরকার: এএপি
ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের প্রথম মাসকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে আম আদমি পার্টি (এএপি)৷ এই সরকার তৃতীয় ইউপিএ (সংযুক্ত প্রগতিশীল মোর্চা) সরকার হতে যাচ্ছে বলেও মন্তব্য করেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দলটি৷ খবর পিটিআইয়ের৷
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে জিতে গত ২৬ মে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)৷ এর আগে দুই দফায় ২০০৪ থেকে টানা ১০ বছর ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার৷ দ্বিতীয় মেয়াদে ইউপিএ সরকার নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে৷
এএপি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নতুন সরকার মূল্যবৃদ্ধি রোধ ও দুর্নীতি দূর করার বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গেছে বলে মনে হচ্ছে৷ রেলের যাত্রীভাড়া উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে৷ এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী নিহাল চাঁদ মেঘওয়ালের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যা হলফনামা এবং পরবর্তী সেনাপ্রধানকে নিয়ে প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের বিতর্কিত মন্তব্যের ব্যাপারে মোদির নীরব থাকা দুঃখজনক।