নানা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃতীয় দফার পঞ্চায়েত নির্বাচনের ভোট নেওয়া হয়েছে। তিন স্তরের নির্বাচনের পরবর্তী দুই দফার ভোট হবে ২২ ও ২৫ জুলাই।তৃতীয় দফায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলায় ভোট নেওয়া হয়। তিন জেলায় গ্রাম পঞ্চায়েতের ১০ হাজার ৮৮৪টি, পঞ্চায়েত সমিতির এক হাজার ৯৬৬ এবং জেলা পরিষদের ১৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যথাক্রমে ৩০ হাজার ৪৪৫, ছয় হাজার ১৯১ ও ৮৭৬ জন প্রার্থী। গতকাল শুক্রবার নির্বাচনী সহিংসতায় দুজন এবং অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ার সময় প্রতিপক্ষের ছোড়া বোমায় মাদারবক্স মল্লিক নামের এক সিপিএম-সমর্থক নিহত হন। দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী শরৎ ঘোষ নিহত হন।তিন জেলায় কয়েক শ বুথ দখল করে সরকারি দল তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা একতরফা ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বহু কেন্দ্রে বিরোধী দলের এজেন্টকে বের করে দিয়ে তাঁরা জাল ভোট দিয়েছেন।