তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের পার্লামেন্ট নির্বাচনে গতকাল মঙ্গলবার তৃতীয় ও শেষ দফায় ভোট নেওয়া হয়েছে। দুই দিনের এই ভোট গ্রহণ আজ বুধবার পর্যন্ত চলবে।গত ফেব্রুয়ারিতে গণবিক্ষোভে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। মিসরের ২৭টি প্রদেশের মধ্যে এ দফায় নয়টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল স্থানীয় সময় সকাল আটটার দিকে ভোটাররা ভোটকেন্দ্রের বাইরে ছোট ছোট লাইনে দাঁড়ান। লোহিতসাগরের তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র শার্ম আল-শেখে ভোটারদের মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে ভোটকেন্দ্রে যেতে হয়েছে। এখানেই হোসনি মোবারকের দ্বিতীয় আবাসস্থল রয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের ঘোষিত ফলাফলে ইসলামপন্থী দলগুলো বিপুল ভোটে এগিয়ে রয়েছে। মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ (এসসিএএফ) মিসরের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছে। এসসিএএফ বারবার বলে আসছে, বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তারা এই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান করছে।তবে পার্লামেন্ট নির্বাচন মিসরীয়দের মধ্যে ব্যাপক সংশয়ের সৃষ্টি করেছে। কোনো কোনো মিসরীয় নির্বাচনকে গণতান্ত্রিক শাসনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যরা নতুন পার্লামেন্ট সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে ধারণা করছে। কারণ, নতুন পার্লামেন্টের কার্যক্রমের বিষয়টি এখনো অস্পষ্ট। এএফপি।