ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গতকাল বুধবার তৃতীয় দফার ভোট নেওয়া হয়। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়।গতকালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ ১২ মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে। এছাড়া তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ফিকি) মহাসচিব অমিত মিত্র ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য সচিব মনীষ গুপ্তের ভাগ্য নির্ধারিত হবে। মনীষ গুপ্ত লড়ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের বিরুদ্ধে। আর অমিত মিত্র লড়ছেন রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের বিরুদ্ধে। এই দফার নির্বাচনে অন্য যে ১১ মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে তাঁরা হলেন গৌতম দেব, অসীম দাসগুপ্ত, আ. রেজ্জাক মোল্লা, রণজিৎ কুণ্ডু, কান্তি গঙ্গোপাধ্যায়, রেখা গোস্বামী, দেবেশ দাস, সুভাষ নস্কর, অনাদি সাহু, আবদুস সাত্তার ও মোর্তজা হোসেন। এ ছাড়া এই দফার নির্বাচনে ভাগ্য নির্ধারিত হবে অভিনেতা চিরঞ্জিৎ, অভিনেত্রী দেবশ্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর। তাঁরা তিনজনই লড়ছেন তৃণমূলের টিকিটে। গতকাল নির্বাচন হয়েছে ৭৫টি আসনে। এর মধ্যে ছিল কলকাতা মহানগরের ১১টি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার যথাক্রমে ৩৩ ও ৩১টি আসনে। এর আগে ১৮ ও ২৩ এপ্রিল দুই দফায় ভোট নেওয়া হয়। প্রথম দফায় ৫৪টি ও দ্বিতীয় দফায় ৫০টি আসনে ভোট নেওয়া হয়। এ নিয়ে তিন দফায় ১৭৯টি আসনে ভোট নেওয়া হয়েছে। এখন ১১৫টি আসনে ভোট নেওয়ার বাকি আছে। পশ্চিমবঙ্গ বিধানসভার আসন ২৯৪টি। আগামী ৩, ৭ ও ১০ মে বাকি আসনগুলোতে নির্বাচন হবে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে।গতকালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭৯ জন। তাঁদের মধ্যে নারী প্রার্থী ৪৬ জন। বামফ্রন্ট, কংগ্রেস-তৃণমূল জোট ও বিজেপি সব আসনে লড়েছে।এই আসনগুলোতে ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে ৭৭ (তখন ৭৭ আসন ছিল) আসনের মধ্যে বামফ্রন্ট পেয়েছিল ৫৪টি ও বিরোধীরা ২৩টি।গতকাল কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ও বিরাটির কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।ভোট দিলেন মমতা ও বুদ্ধদেব: গতকাল ভোট দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট দিয়েছেন কালীঘাটের মিত্র ইনস্টিটিউট ভোটকেন্দ্রে। আর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভোট দিয়েছেন বালিগঞ্জের পাঠভবন কেন্দ্রে।বিচ্ছিন্ন ঘটনা: কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভোট নেওয়া হলেও দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।উত্তর চব্বিশ পরগনার বীজপুরে এক সিপিএম এজেন্টকে পিস্তলের বাঁট দিয়ে বেদম প্রহার করে তৃণমূলের সমর্থকেরা। একপর্যায়ে তারা সিপিএম সমর্থকদের ভোটদানে বাধা দেয়। পরে তারা স্থানীয় শহীদনগরে সিপিএমের কার্যালয় ভাঙচুর করে। একপর্যায়ে ওই কেন্দ্রের কাঁচরাপাড়া সূর্য সেন স্কুলের ভোটকেন্দ্রটি দখল করে নেওয়া হয়। এ ছাড়া ভোটারদের প্রভাবিত করা এবং অন্যান্য কারণে ১৮ জন প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচনের দিনে মেটিয়াব্রুজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ক্যানিংয়ের মউখালীতে সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। ভোট দিতে এসে অত্যধিক গরমে মারা গেছেন এক বৃদ্ধা। ভাঙ্গরে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে বেশ কয়েকজন সিপিএম সমর্থক। কলকাতার গিরিশ পার্কে ভোটারদের ভোট দিতে প্রভাবিত করার অভিযোগে সিপিআইএমের একজন সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।