তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া ঠেকিয়েছিলেন জেমস ব্লান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ গায়ক জেমস ব্লান্ট বলেছেন, তিনি সেনাবাহিনীতে থাকার সময় ঊর্ধ্বতন কমান্ডারের আদেশ অমান্য করার মাধ্যমে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া’ ঠেকিয়েছিলেন। ব্রিটিশ এক জেনারেলের উদ্ধৃতি দিয়ে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন ব্লান্ট।‘ইউ আর বিউটিফুল’—এ সুপারহিট গানটির গায়ক ব্লান্ট বলেন, বলকান যুদ্ধের সময় ১৯৯৯ সালে তাঁকে কসোভোর প্রিস্টিনা বিমানঘাঁটি দখলে নিতে বলা হয়েছিল। ব্লান্ট তখন ২০০ ব্রিটিশ ছত্রীসেনার অধিনায়ক ছিলেন। তাঁর সেনাদের আগেই সার্বিয়ার মিত্র রাশিয়ার সেনারা বিমানঘাঁটিটি দখলে নেয়। ব্রিটিশ সেনারা সেখানে গেলে রুশরা তাঁদের দিকে অস্ত্র বাগিয়ে ধরে। রাজনীতিকদের স্মৃতিচারণা ও সংবাদপত্রে খবরটি প্রচারিত হলেও ব্লান্ট এবারই প্রথম এ নিয়ে কথা বললেন।ইউরোপে ন্যাটোর শীর্ষ কর্মকর্তা জেনারেল ওয়েসলি ক্লার্কের তরফ থেকে ব্লান্টের বাহিনীকে রুশ সেনাদের ওপর হামলা করতে বলা হয়। কিন্তু ব্রিটিশ জেনারেল স্যার মাইক জ্যাকসন ওই আদেশ নাকচ করে দেন। যদিও ক্লার্ক তাঁর জ্যেষ্ঠ ছিলেন। জেমস ব্লান্ট বলেন, জেনারেল জ্যাকসন বলেছিলেন, ‘আমি আমার বাহিনীকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার দায়ের মধ্যে ফেলতে পারি না।’ ব্লান্ট বলেন, জেনারেল জ্যাকসন বাধা না দিলেও তিনি রুশদের ওপর হামলা করতেন না। এমনকি আদেশ অমান্যের জন্য তিনি কোর্ট মার্শালে দাঁড়াতেও প্রস্তুত ছিলেন। ব্লান্ট আত্মপক্ষ সমর্থন করে বলেন, ব্রিটিশ বাহিনীতে নিজের বিবেচনা অনুযায়ী নৈতিকতার চর্চা করার শিক্ষা তাঁদের দেওয়া হয়েছে।২০০২ সালে সেনাবাহিনী ত্যাগ করে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেমস ব্লান্ট। তাঁর ‘ইউ আর বিউটিফুল’ গানটি বিশ্বজুড়ে হিট হয়েছিল। বিবিসি।