তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান পুতিন
সাবেক কেজিবি-প্রধান ভ্লাদিমির পুতিন দুইবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন দায়িত্ব পালন করছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। তৃতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে চতুর্থ মেয়াদেও তাঁর এ পদে আসিন হওয়া বিচিত্র কিছু হবে না। সে ক্ষেত্রে রাশিয়ায় সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিরল ইতিহাস গড়বেন পুতিন।রাশিয়ার কোমেরসান্ত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানান, রাশিয়াকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে তাঁর এক দশক সময়ের প্রয়োজন। আর এ কাজে জড়ানো ছাড়া তাঁর সামনে বিকল্প কোনো পথ নেই। বিশ্লেষকেরা মনে করছেন, এ উক্তির মাধ্যমে পুতিন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জোরালো ইচ্ছে প্রকাশ করেছেন। অবশ্য ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়াবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। টেলিগ্রাফ।