চীনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি অবৈধ ঘোষণা করেছেন আদালত। তবে নিয়োগদাতা ওই প্রতিষ্ঠানকে বৈষম্যের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছেন নারী হিসেবে। তবে নিজেকে পুরুষ পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। পরেনও পুরুষের পোশাক। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রের চাকরিতে যোগ দেওয়ার এক সপ্তাহের মাথায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত অভিযোগকারী ব্যক্তিকে পারিশ্রমিক হিসেবে ১২১ ডলারের সমপরিমাণ অর্থ এবং ক্ষতিপূরণ হিসেবে আরও প্রায় ২৫০ ডলারের সমপরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেন। তবে তৃতীয় লিঙ্গ হওয়ার কারণেই তাঁর প্রতি বৈষম্য করা হয়েছে, এমন কোনো প্রমাণ পাননি আদালত। আদালতের এই রায়কে নিজের ও তৃতীয় লিঙ্গের মানুষের বিজয় হিসেবে দেখছেন ‘মিস্টার সি’ নামে পরিচিত ওই ব্যক্তি।
এএফপি