তৃতীয় শক্তি গড়ার আহ্বান মুলায়মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে একটি তৃতীয় রাজনৈতিক ফ্রন্ট বা তৃতীয় রাজনৈতিক বিকল্প গড়ার আহ্বান জানিয়েছেন। গত বুধবার কলকাতার সল্ট লেকের নলবন চত্বরে আয়োজিত দলের জাতীয় কমিটির এক সভায় এই আহ্বান জানান তিনি। বুধবার শুরু হওয়া এই বৈঠক শেষ হয় গতকাল বৃহস্পতিবার।মুলায়ম বলেন, কংগ্রেস আজ দুর্নীতির জালে জড়িয়ে কোণঠাসা হয়ে পড়েছে। এই সুযোগে ’সাম্প্রদায়িক’ বিজেপি ক্ষমতায় যাওয়ার তোড়জোড় করছে। তাই তিনি কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ একটি তৃতীয় ফ্রন্ট বা বিকল্প শক্তি গড়তে হবে। বাম দল, মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসসহ দেশের কংগ্রেস এবং বিজেপিবিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলো মিলে এই তৃতীয় ফ্রন্ট গঠন করতে পারে।সমাজবাদী পার্টির জাতীয় কমিটির এক বৈঠকে যোগ দিতে কলকাতায় যান মুলায়ম সিং। তাঁর সঙ্গে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়মপুত্র অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির নেত্রী সাংসদ জয়া বচ্চন প্রমুখ। মুখ্যমন্ত্রী অখিলেশ বুধবার বিকেলে রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন।গতকাল সকালে সংবাদ সম্মেলনে মুলায়ম জানান, মমতার সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। আবার বামপন্থীদের সঙ্গে তাঁদের বন্ধুত্ব পুরোনো। তবে লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে। যদি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুলায়ম সিং যাদব এই তৃতীয় ফ্রন্ট গঠনের ওপর জোর দেন। তিনি বলেন, তৃতীয় ফ্রন্টের নেতা নির্বাচন করা হবে নির্বাচনের পর। তাঁদের মূল লক্ষ্য হবে ভারতের শাসনক্ষমতায় আসুক কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে নতুন এক জোট সরকার।