তৃতীয়বার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনকে জয়ী ঘোষণা করা হয়েছে। এর ফলে চার বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর তৃতীয়বার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন তিনি। গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রফেরত মানুষের মধ্যে পরিচালিত জরিপ এবং ভোটের প্রাথমিক ফলাফলে পুতিন ৬০ শতাংশ ভোট পেয়েছেন। জয়ী ঘোষণার পর মস্কোয় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি।’ ভোটকেন্দ্রফেরত রুশদের মধ্যে পরিচালিত জরিপে ৬০ শতাংশ পুতিনের প্রতি সমর্থন জানিয়েছে। এর ফলে প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট নেতা গেন্নাদি ইউগানভের সঙ্গে আবার তাঁকে দ্বিতীয় দফা লড়াইয়ে নামতে হচ্ছে না। ৬০ শতাংশের কম ভোট পেলে আবার তাঁকে দ্বিতীয় দফায় নির্বাচনী লড়াইয়ে নামতে হতো।কর্মকর্তারা বলছেন, ২০০৮ সালের তুলনায় এবার ভোটার উপস্থিতি ছিল অনেক বেশি। তবে পুতিনবিরোধীরা নির্বাচনে ব্যাপক কারচুপি এবং অনেক ব্যক্তি একাধিক ভোট দিয়েছে বলে অভিযোগ তুলেছে। এর আগে গত ডিসেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে পুতিনের নিজ দল ইউনাইটেড রাশিয়ার জয়লাভের পর দেশজুড়ে শুরু হওয়া গণবিক্ষোভে তাঁর শাসন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে।নির্বাচন উপলক্ষে রাজধানী মস্কোতে হাজার হাজার অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বিরোধীরা বলছে, পুতিনের বিরুদ্ধে লাখো মানুষের সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলা করাই এই অতিরিক্ত পুলিশ মোতায়েনের উদ্দেশ্য। ভোট গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কারচুপির অভিযোগ ঠেকাতে কর্তৃপক্ষ ৯০ হাজার কেন্দ্রে এই প্রথমবারের মতো ওয়েব ক্যামেরা বসিয়েছে।গ্রিনিচ মান সময় শনিবার ২০টায় (বাংলাদেশ সময় রাত দুইটা) রাশিয়ার দূরবর্তী পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম ভোট গ্রহণ শুরু হয়। সর্বশেষ পশ্চিমাঞ্চলীয় কালিনিনগ্রাদে ভোট গ্রহণের মধ্য দিয়ে গতকাল গ্রিনিচ মান সময় ১৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) সারা দেশে এটি শেষ হয়। প্রধানমন্ত্রী পুতিন গতকাল স্ত্রী লুদমিলাকে নিয়ে রাজধানী মস্কোর ‘রাশিয়ান একাডেমি অব সায়েন্স’-এর একটি কেন্দ্রে ভোট দেন। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ বা ওএসসিই ও পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপের একটি যৌথ মিশন এই নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করে। এর পরপরই কেন্দ্রটির বাইরে একদল নারী পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তাঁরা পুতিনের ভোট দেওয়া ব্যালট বাক্সটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।নির্বাচনে ৫৯ বছর বয়স্ক কেজিবির সাবেক গোয়েন্দা কর্মকর্তা পুতিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। তাঁদের একজন মিখাইল প্রোখরভ ভোট দিয়ে বলেন, ‘আমি এক নতুন রাশিয়া দেখতে চাই। আর এই লক্ষ্যে সবে যাত্রা শুরু।’ পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট নেতা ইউগানভ প্রায় ১৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্য তিনজন প্রতিদ্বন্দ্বী ১০ শতাংশের নিচে ভোট পেয়েছেন। ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলন করে ইউগানভ নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন।প্রধানমন্ত্রী পুতিন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। কিন্তু এই পদে টানা তিনবার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ থাকায় তিনি পরবর্তী দফায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি।জয় উদ্যাপনের জন্য রাতে রাশিয়ার পতাকা নিয়ে হাজার হাজার পুতিন-সমর্থক ক্রেমলিনের বাইরে জড়ো হন। বিবিসি ও এএফপি।