তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে গোয়ার পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রভাবশালী সাপ্তাহিক ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক তরুণ তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে গোয়া পুলিশের এক বিশেষ তদন্ত দল আজ শনিবার রাজধানী দিল্লি গেছে। দলটির সদস্যরা ‘তেহেলকা’র ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করবেন এবং ধর্ষণের অভিযোগ তোলা নারীর সঙ্গে সাক্ষাত্ করতে পারেন। বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

গোয়া পুলিশের মহাপরিচালক কিষেণ কুমার বলেন, তদন্ত কর্মকর্তারা সিসিটিভিতে ধারণ করা ঘটনাস্থলের দৃশ্য সংগ্রহ করেছেন এবং তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তেজপালের গ্রেপ্তার অত্যাসন্ন বলে সংবাদমাধ্যমের খবরের ওপর তিনি কোনো মন্তব্য করেননি।

তেহেলকার এক নারী সাংবাদিক সম্প্রতি অভিযোগ করেন, গোয়ায় পত্রিকাটির এক অনুষ্ঠানে তেজপাল তাঁকে দুই দফা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

গোয়া পুলিশ আজ জানিয়েছে, গ্র্যান্ড হায়াত হোটেলের যে লিফটে তেজপাল যৌন নিপীড়ন করেছেন বলে ওই নারী সাংবাদিক অভিযোগ করেছেন, সেখানে সিসিটিভির কোনো ক্যামেরা ছিল না।

গোয়া পুলিশের ডিআইজি ও পি মিশ্র আজ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ওই লিফটে কোনো সিসিটিভি ছিল না। তবে পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভির ফুটেজ পরীক্ষা করবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু জানাতে চাননি তিনি।

এদিকে এনডিটিভি বলছে, তেজপাল ঘটনার পর দুঃখ প্রকাশ করে ওই নারী সাংবাদিককে একটি ই-মেইল করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘গত ৭ ও ৮ নভেম্বর বিবেচনাবোধের লজ্জাজনক বিচ্যুতি আমাকে আপনার প্রতি এমন যৌন আচরণে উসকে দেয়। যদিও আপনি আমার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা না করার বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে  দিয়েছেন।’ এখন পুলিশ বলছে, ওই ই-মেইলের সূত্র ধরে তেজপালকে গ্রেপ্তারের বিষয়টি তারা খতিয়ে দেখবে।

২০০০ সালে অনলাইন সংবাদ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করা তেহেলকা ডটকম চাঞ্চল্যকর খবর প্রকাশ করে খ্যাতি পায়। বেশ কয়েকটি পুরস্কার পাওয়া পোর্টালটি একপর্যায়ে মুদ্রিত সংবাদপত্রে রূপ নেয়।