তেজপালের মামলায় নারী বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতের তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের বিচার হবে দ্রুত বিচার আদালতে। আদালত পরিচালনা করবেন একজন নারী বিচারক।
গোয়ায় তেহেলকার বার্ষিক এক অনুষ্ঠানে সহকর্মী এক নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগে গত শনিবার তেজপালকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের মধ্যে যা ঘটেছে, তাতে ‘পারস্পরিক সম্মতি’ ছিল।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকর বলেন, দ্রুত বিচার আদালতে তেজপালের বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলা হবে। নারী বিচারক মামলা পরিচালনা করবেন। তিনি বলেন, ‘আমি দেখতে চাই মেয়েটি সুবিচার পেয়েছে।’ এক পুলিশ কর্মকর্তা বলেন, তেজপালের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছেন। তাঁর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।
শনিবার থেকে পুলিশি হেফাজতে আছেন তেজপাল। ইতিমধ্যে তাঁর যৌন সক্ষমতার পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। তৃতীয় দফায় পরীক্ষা করা হচ্ছে। পিটিআই।