তেজস্ক্রিয় পানি নির্গত হওয়া পাইপ শনাক্ত করেছে টেপকো
সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু প্রকল্পের দুটি শীতলীকরণ ট্যাংকের পাইপ থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি নির্গত হচ্ছিল। টেপ জড়িয়ে ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামত করা হয়েছে। পরমাণু প্রকল্পটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকো গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
ফুকুশিমা প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) শনিবার রাতে জানিয়েছিল, তারা প্রকল্পটিতে নতুন তেজস্ক্রিয়তা নিঃসৃত হওয়ার চারটি স্থান শনাক্ত করেছে। এর মধ্যে একটিতে তেজস্ক্রিয়তার মাত্রা প্রতি ঘণ্টায় এক হাজার ৮০০ মিলিসিভার্ট। এই মাত্রার তেজস্ক্রিয়তার সংস্পর্শে কোনো মানুষ এলে, চার ঘণ্টার মধ্যে তার মৃত্যু হতে পারে। এ তথ্য প্রকাশের কয়েক ঘণ্টার মাথায়ই শীতলীকরণ ট্যাংকের সংযোগ পাইপ থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি বের হওয়ার তথ্য প্রকাশ করা হলো।
তবে টেপকোর একজন মুখপাত্র দাবি করেন, এই তেজস্ক্রিয়তা মূলত বিটা রশ্মি, যার প্রভাব বিস্তারের ক্ষমতা দুর্বল। কর্মীরা সহজেই এটা আটকে দিতে পারেন।
২০১১ সালে ভয়াবহ সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় এখনো হিমশিম খাচ্ছে টেপকো। ঘটনার পর টেপকোর নেওয়া পদক্ষেপগুলো সমালোচনায় পড়ায় জাপানের সরকার পরিস্থিতি সামাল দিতে প্রকল্পটিতে আরও বেশি করে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
টেপকো জানিয়েছে, গতকাল তারা যে ক্ষতিগ্রস্ত স্থানটি শনাক্ত করেছে, সেখান থেকে প্রতি ৯০ সেকেন্ডে এক ফোঁটা করে তেজস্ক্রিয় পানি বের হচ্ছিল। পরে বিশেষ পদার্থ ও প্লাস্টিকের টেপ দিয়ে স্থানটি মেরামত করা হয়েছে। ওই স্থানটির নিচ থেকে পাওয়া পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা ছিল প্রতি ঘণ্টায় ২৩০ মিলিসিভার্ট। কোম্পানিটি আরও জানিয়েছে, শীতলীকরণ ট্যাংকগুলোর কাছের আরও দুটি স্থানে তারা প্রতি ঘণ্টায় ৭০ ও ২২০ মিলিসিভার্ট তেজস্ক্রিয়তার সন্ধান পেয়েছে। আর চতুর্থ স্থানটিতে তেজস্ক্রিয়তার মাত্রা এক হাজার ৮০০ মিলিসিভার্ট।
টেপকো এ সমস্যার কারণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে একজন কর্মকর্তা জানান।
টেপকো গত সপ্তাহে স্বীকার করেছিল, কারও নজরে আসার আগেই একটি বিশাল ট্যাংক থেকে ৩০০ টনের মতো বিষাক্ত পানি নির্গত হয়েছে। এতে করে আশঙ্কা তৈরি হয়েছে, ওই বিষাক্ত পানি ভূগর্ভ দিয়ে কাছের প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৌঁছে যেতে পারে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় টেপকোর ভূমিকা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত বৃহস্পতিবার ঘোষণা দেন, ফুকুশিমা থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাদুষ্ট পানি নির্গত হওয়া থামাতে তাঁর সরকার বৃহত্তর ভূমিকা রাখবে। এএফপি।