তেজস্ক্রিয়তায় যে ক্ষতি হতে পারে জাপানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানিয়েছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে পারলে তেজস্ক্রিয়তার প্রভাব কমানো যেতে পারে।জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, ফুকুশিমা কেন্দ্রের কাছে তেজস্ক্রিয়তার মাত্রা প্রতি ঘণ্টায় ৪০০ মিলিসিভার্ট রেকর্ড করা হয়েছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ওয়াকফোর্ড জানান, এই মাত্রার তেজস্ক্রিয়তা মানবদেহে প্রভাব ফেলার আশঙ্কা তেমন নেই। এর পরও এতে অস্থিমজ্জায় রক্তকোষের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘমেয়াদি ক্যানসারের ঝুঁকি দুই থেকে চার শতাংশ বেড়ে যেতে পারে।ওয়াকফোর্ড বলেন, বর্তমান মাত্রার তেজস্ক্রিয়তায় কেবল ওই কেন্দ্রে কর্মরত কর্মীদের স্বল্পমাত্রায় আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। তবে আশপাশের এলাকার লোকজনের জন্য কিছুটা ঝুঁকি রয়েছে।স্বল্পমাত্রায় তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার সাধারণ লক্ষণ হলো ঘণ্টা খানেকের মধ্যে চরম বিতৃষ্ণা বোধ ও বমি শুরু হবে। এরপর আস্তে আস্তে ডায়রিয়া, মাথাব্যথা ও জ্বর আসবে। প্রাথমিক লক্ষণগুলো কেটে যাওয়ার পর কয়েক সপ্তাহ মনে হতে পারে অসুস্থতা আর নেই। কিন্তু এরপর আবার নানা লক্ষণ দেখা দিতে পারে।উচ্চমাত্রার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হলে আগের লক্ষণগুলোই প্রাথমিকভাবে দেখা যাবে, কিন্তু এ ক্ষেত্রে উপসর্গগুলো দীর্ঘস্থায়ী আকার নেবে। সেক্ষেত্রে জ্বর ও রক্তবমি হবে। পরবর্তী সময়ে মাথার চুল পড়ে যাওয়া, শরীরে ক্ষত সৃষ্টি এবং ক্ষত সহজে সারবে না। এ থেকে ক্যানসার হতে পারে। তবে সব কিছু নির্ভর করে আক্রান্ত ব্যক্তি কতক্ষণ ও কী মাত্রার তেজস্ক্রিয়তার মধ্যে ছিলেন তার ওপর। তেজস্ক্রিয়তা দীর্ঘস্থায়ীভাবে পাকস্থলী ও অস্থিমজ্জার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।এ ছাড়া সাধারণভাবে তেজস্ক্রিয়তার মাত্রা ৫০ থেকে ১০০ মিলিসিভার্ট হলে রক্তের রসায়নে পরিবর্তন, ৫০০ মিলিসিভার্টে কয়েক ঘণ্টার মধ্যে বিরাগবোধ, ৭০০ মিলিসিভার্টে বমি, ৭৫০ মিলিসিভার্টে দুই-তিন সপ্তাহের মধ্যে চুল পড়ে যাওয়া, ৯০০ মিলিসিভার্টে ডায়রিয়া, এক হাজার মিলিসিভার্টে মস্তিষ্কে রক্তক্ষরণ, চার হাজার মিলিসিভার্টে চিকিৎসা না হলে দুই মাসের মধ্যে মৃত্যু, ১০ হাজার মিলিসিভার্টে অভ্যন্তরীণ রক্তক্ষরণে এক থেকে দুই সপ্তাহের মধ্যে মৃত্যু এবং ২০ হাজার মিলিসিভার্টের বেশি হলে কয়েক মিনিটের মধ্যে অচেতন হয়ে পড়বে এবং কেন্দ্রীয় স্নায়ুব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারে।এ ছাড়া তেজস্ক্রিয়তায় শিশুদের ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। চেরনোবিল দুর্ঘটনার পর আশপাশের এলাকার শিশুরা ব্যাপক মাত্রায় গলগ্রন্থির ক্যানসারে আক্রান্ত হয়েছিল। তেজস্ক্রিয়তার প্রাথমিক চিকিৎসা হিসেবে আরও বেশি তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে দ্রুত জামা-কাপড় ও জুতা পরিবর্তন করতে হবে। এরপর সাবান ও পানি দিয়ে শরীর ভালো করে ধুয়ে ফেলতে হবে।অস্থিমজ্জার ক্ষতি রোধে রক্তের শ্বেতকণিকার উৎপাদন বৃদ্ধি এবং শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হবে। একই সঙ্গে তেজস্ক্রিয়তার প্রভাবে শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা হ্রাস পেয়ে অভ্যন্তরীণ সংক্রমণ রোধ করার জন্যও বাজারে সুনির্দিষ্ট ওষুধ আছে। রয়টার্স, বিবিসি ও এএফপি।