তেল লুটপাটের মতলবেই লিবিয়ায় হামলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকাভুক্ত দেশ ভেনেজুয়েলা, বলিভিয়া ও নিকারাগুয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা লিবিয়ার তেল লুটপাট করার মতলবেই ত্রিপোলিতে হামলা চালাচ্ছে। অন্যদিকে এ হামলা অনুমোদন করায় খোদ জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘তারা লিবিয়ার তেল লুট করতে চায়।’ তিনি এ হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও একটি দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বলে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, এসব কিছুর পেছনে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ‘কলকাঠি নাড়ছে’। শাভেজ লিবীয় নেতা কর্নেল গাদ্দাফিকে লাতিন আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক সিমন বলিভারের সঙ্গে তুলনা করে বলেন, লিবিয়াসংকটের শান্তিপূর্ণ সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আলোচনার পদক্ষেপ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু গাদ্দাফি বিরোধীদের সঙ্গে তারাও তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।কিউবার বর্ষীয়ান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জাতিসংঘ কার্যত ‘মানব প্রজাতির দেবদূতসুলভ অভিভাবক’ হয়ে বসেছে। তিনি বলেন, ‘তারা আমাদের জন্য বিরাট একটা আবিষ্কার বয়ে এনেছে। সেটি হলো আদব-কায়দার সার্টিফিকেট।’একটি দৈনিকে লেখা এক নিবন্ধে কাস্ত্রো প্রশ্ন করেন, ‘ওবামা, ন্যাটো বা বান কি মুন কারা, যারা বিশ্ববাসীকে ভালো আচরণ ও আদব-কায়দা শেখানোর কথা বলে বোকা বানাচ্ছে?’কাস্ত্রো বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম, সেসব দেশের ব্যাপারে নিরাপত্তা পরিষদের কোনো মাথাব্যথা নেই।বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস কিউবার নেতা শাভেজের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেছেন, আসল কথা হলো তারা লিবিয়ার তেল নিয়ন্ত্রণ করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, তারা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে। এখন মুয়াম্মার গাদ্দাফির সমস্যা ‘আবিষ্কার’ করেছে। নিকারাগুয়ার প্রেসিডেন্ট দ্যানিয়েল ওরতেগাও বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠার নামে পশ্চিমা শক্তিগুলো এখন লিবিয়ার তেল হাতানোর চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে ওরতেগা কর্নেল গাদ্দাফিকে ‘ভাই’ সম্বোধন করে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে গুজব ছড়িয়েছে, গাদ্দাফি শেষ পর্যন্ত টিকে থাকতে না পারলে নিকারাগুয়া অথবা ভেনেজুয়েলায় রাজনৈতিক আশ্রয় নিতে পারেন।উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে লিবিয়ায় হামলা শুরু করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপ ও সেনা অভিযানের অনুমোদন দিয়ে প্রস্তাব পাস করে। তবে গাদ্দাফি বলেছেন, লিবিয়ায় হামলা চালানোর কোনো ন্যায্যতা নেই পশ্চিমা শক্তির। এটা উপনিবেশবাদী আচরণের বহিঃপ্রকাশ মাত্র। তিনি বলেন, জাতিসংঘের ওই সিদ্ধান্তের কারণে ভূ-মধ্যসাগরীয় ও ইউরোপের দেশগুলোকে কঠিন পরিণতি বরণ করতে হবে। এএফপি।