তেলেঙ্গানা বিল স্থগিত করতে নির্দেশনা দেবেন না সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার তেলেঙ্গানা রাজ্য নিয়ে বিল উত্থাপন স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। সর্বোচ্চ আদালত বলেছেন, এ পর্যায়ে তাঁরা বিষয়টিতে হস্তক্ষেপ করতে রাজি নন।
অন্ধ্র প্রদেশ ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্য গঠনের উদ্যোগকে চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারপতি এইচ এল দাত্তু এবং এস এ বোবড়ের বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কোনো নির্দেশনা দিতে অস্বীকৃতি জানান। বেঞ্চ এ প্রসঙ্গে এরপর গত ১৮ নভেম্বর দেওয়া আদেশের উল্লেখ করেন। তখন আদালত বলেছিলেন, এখনই এ বিষয়ে আদেশ দেওয়াটা আগাম হয়ে যাবে।
বেঞ্চ বলেছেন, ‘আমরা ১৮ নভেম্বর থেকে আজকের মধ্যে পরিস্থিতির কোনো পরিবর্তন দেখিনি। কাজেই আমরা এ পর্যায়ে এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছি না।’
তবে বেঞ্চ বলেছেন, ‘যথাযথ সময়ে’ এটি বিবেচনা করা যেতে পারে।
তেলেঙ্গানা রাজ্য গঠনের বিরোধীরা লোকসভায় বিলটি উত্থাপন ঠেকানোর লক্ষ্যে সর্বোচ্চ আদালতে আবেদনটি করে। তাদের বক্তব্য, এটা প্রায় নিশ্চিত যে ১০ ফেব্রুয়ারি বিলটি লোকসভায় উত্থাপন করা হবে। এটি আইনে পরিণত হলে তা পরিবর্তনের আর উপায় থাকবে না। টাইমস অব ইন্ডিয়া।