ভারতের কেন্দ্রীয় সরকার অন্ধ্র প্রদেশ রাজ্য ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা করলে পশ্চিমবঙ্গ ভেঙেও পৃথক গোর্খাল্যান্ড রাজ্য করতে হবে। দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি গতকাল বুধবার শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।রোশন গিরি বলেন, ওই দাবিতে আগামী ফেব্রুয়ারি মাস থেকে দার্জিলিংয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করবেন তাঁরা। এর আগে চলতি মাসের ২৭ তারিখে দার্জিলিংয়ে তাঁরা বিশাল সমাবেশ ও মিছিল করবেন। রোশন আরও বলেন, তাঁদের দাবির কথা তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দেকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।দার্জিলিংকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে জনমুক্তি মোর্চা ২০০৭ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি (মমতা) দার্জিলিং সমস্যা সমাধানে স্বায়ত্তশাসিত সংস্থা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ গঠন করেন। ইতিমধ্যে জিটিএর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সংস্থার নেতৃত্বে এসেছে জনমুক্তি মোর্চা।