তেলেঙ্গানা রাজ্যের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্য ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়। এদিকে বিভক্ত অন্ধ্র প্রদেশের জন্য একটি মন্ত্রিসভা গ্রুপ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে। মন্ত্রিসভার এ অনুমোদনের প্রতিবাদে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে চিরঞ্জীবী পদত্যাগ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার ঘোষণা দেন, হায়দরাবাদ আগামী ১০ বছরের জন্য তেলেঙ্গানা ও সিমান্ধ্রের (অন্ধ্র প্রদেশের বাকি অংশ) যৌথ রাজধানী হিসেবে থাকবে।
সিন্দে বলেন, অন্ধ্র প্রদেশের ওই অবশিষ্টাংশের জন্য বিশেষ অর্থ বরাদ্দের বিষয় দেখাশোনা করবে মন্ত্রিসভা গ্রুপ। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘অন্ধ্রের তিন অঞ্চলের (তেলেঙ্গানা, রয়ালাসিমা ও উপকূলীয় অন্ধ্র) অধিবাসীর সবাই মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে।’
মন্ত্রিসভার অনুমোদনের জন্য এর আগে খসড়া প্রস্তাবটি তৈরি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তেলেঙ্গানা রাজ্য গঠনে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির (সিডব্লিউসি) গত ৩০ জুলাইয়ের সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে এ প্রস্তাব তৈরি করা হয়েছিল।
রয়ালাসিমা ও উপকূলীয় অন্ধ্র তথা সিমান্ধ্রের নেতাদের প্রতিবাদ উপেক্ষা করেই অন্ধ্র প্রদেশ রাজ্য ভাগের সিদ্ধান্ত এগিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তেলেঙ্গানা ভারতের ২৯তম রাজ্য হিসেবে বিবেচিত হবে।
পর্যটনমন্ত্রী কে চিরঞ্জীবী ছাড়া তেলেঙ্গানা রাজ্য গঠনকে অনুমোদন দেওয়ার প্রতিবাদে আরও দুই মন্ত্রী পল্লমরাজু ও কে সূর্যপ্রকাশ রেড্ডি পদত্যাগের হুমকি দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।