তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে নতুন তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে। এর জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে এ আশঙ্কার কথা বলেছেন অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজ্যপাল ই এস এল নরসিমহান।অন্ধ্র প্রদেশের একাংশ নিয়ে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে স্থানীয় মানুষ। বিষয়টি নিয়ে আলোচনা করতে গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নরসিমহান। এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আন্দোলন-পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন নরসিমহান। রাজ্যের দাবিতে তেলেঙ্গানায় প্রায় চার সপ্তাহ ধরে সাধারণ ধর্মঘট চলছে।আন্দোলন-পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে আছেন অন্ধ্র প্রদেশের মুখমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি ও উপ-মুখ্যমন্ত্রী দামোদর রাজানারাসিমহা।চলতি সপ্তাহের প্রথম দিকে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান চন্দ্রশেখর রাও এবং ওই অঞ্চলের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মনমোহন। সমস্যা সমাধানের জন্য তিনি আরও সময় চেয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। তবে এতে রাজি হননি চন্দ্রশেখর রাও। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।