তেলেঙ্গানা রাজ্যের দাবিতে উত্তপ্ত হায়দরাবাদ, শতাধিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজধানী হায়দরাবাদ। এই দাবির সমর্থক বিক্ষোভকারীদের সঙ্গে গতকাল রোববার বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শত শত মানুষকে। হায়দরাবাদের হোসেইন সাগর লেকপাড়ের নেকলেস রোডে গতকাল সকাল থেকে তেলেঙ্গানাপন্থী শত শত মানুষ এক সমাবেশে যোগ দেওয়ার চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তাকর্মীদের প্রতিবন্ধকতা ভেঙে বিক্ষোভকারীরা সামনে এগোনের চেষ্টা করলে তাঁদের ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।এদিন পুলিশ তেলেঙ্গানা থেকে নির্বাচিত ক্ষমতাসীন কংগ্রেস পার্টির কয়েকজন সাংসদকে দুই দফায় গ্রেপ্তার করে। হায়দরাবাদমুখী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় এই সাংসদদের গ্রেপ্তার করা হয়। রাজ্য মন্ত্রিসভায় থাকা তেলেঙ্গানার কয়েকজন সদস্য পদত্যাগের হুমকি দেন। প্রথম দফায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে কংগ্রেসের সাংসদেরা সমর্থকদের নিয়ে আবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা চালালে দ্বিতীয় দফায় তাঁরা গ্রেপ্তার হন। এ সময় সেখানে আধা-সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সমাবেশের সমর্থনে রাজ্য পার্লামেন্ট ভবনের সামনে যানবাহনের চলাচল আটকে দেওয়ায় গ্রেপ্তার করা হয় বিরোধী তেলুগু দেশাম পার্টির (টিডিপি) কয়েকজন সাংসদকে। এর আগে তেলেঙ্গানা থেকে হায়দরাবাদ অভিমুখী বেশ কিছু ট্রেন ও বাস বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় ব্যক্তিগত গাড়িযোগে আসতে থাকা শত শত বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এতে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে সক্রিয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, সমাবেশের অনুমতি সত্ত্বেও বিক্ষোভকারীদের এভাবে বাধা দিয়ে সরকার আন্দোলন নস্যাৎ করতে চাচ্ছে।সহিংসতার আশঙ্কায় কর্তৃপক্ষ গতকাল হায়দরাবাদের বিভিন্ন অংশ বিশেষত, রাজ্য সচিবালয়, মুখ্যমন্ত্রীর কার্যালয় ও অতি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যাওয়া-আসার পথ বন্ধ করে দেয়। নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ-প্রধান দীনেশ রেড্ডি হেলিকপ্টার থেকে নজরদারি শুরু করেন। তেলেঙ্গানা আন্দোলনের কেন্দ্রস্থল হায়দরাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটি এলাকাও গতকাল রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সমাবেশ করার চেষ্টা চালালে পুলিশ তাঁদের ক্যম্পাসের প্রধান ফটকে আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। টাইমস অব ইন্ডিয়া।