তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ফের উত্তাল অন্ধ্র প্রদেশ
অন্ধ্র প্রদেশে ফের তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ছাত্র বিক্ষোভে গতকাল শনিবার উত্তাল হয়ে উঠেছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ইতিমধ্যে একজন ছাত্র আত্মাহুতির চেষ্টা করেছেন। তেলেঙ্গানা অঞ্চলের সব জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে বিধানসভা ভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক হাজার পুলিশ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবন্ধকতা দিয়ে পথ আটকালে ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের এক ছাত্র পুলিশের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির চেষ্টা করেন। তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পরই উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ ঘটে। ২০ হাজার আধাসামরিক ও র্যাপিড অ্যাকশন ফোর্স হায়দরাবাদের বিধানসভা ভবন ঘিরে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। এ ছাড়া আরও নয় হাজার পুলিশ বিধানসভা ভবনের দিকে যাওয়ার সব রাস্তায় ব্যারিকেড তৈরি করে রেখেছে। তবে ছাত্ররা যেভাবে মারমুখী হয়ে উঠেছেন, তাতে যেকোনো সময় অঘটনের আশঙ্কা করছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে। ছাত্রদের এই আন্দোলনের ফলে গোটা হায়দরাবাদ শহরের পথঘাট জনশূন্য হয়ে পড়েছে।ভারত সরকার তেলেঙ্গানা রাজ্য গঠন নিয়ে একটি কমিশন গঠন করেছে। এই কমিশন সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করার পর তাদের মতামত জানাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।