তেলেঙ্গানার যাত্রা শুরু, শপথ নিলেন চন্দ্রশেখর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

ভারতের ২৯তম রাজ্য হিসেবে গতকাল সোমবার অভ্যুদয় ঘটল তেলেঙ্গানার৷ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে এদিন শপথ নিলেন আঞ্চলিক রাজনৈতিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও৷ পূর্ণতা পেল অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার আন্দোলন৷ খবর পিটিআইয়ের৷
১০টি জেলার সমন্বয়ে গড়া তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ৷ শহরটি আগামী ১০ বছরের জন্য অন্ধ্র প্রদেশের বাকি অংশ নিয়ে গড়া সীমান্ধ্র রাজ্যেরও রাজধানী থাকবে৷ শহরটির রাজভবনে রাজ্যপাল ই এস এল নরসিমানের কাছে গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৬০ বছর বয়সী চন্দ্রশেখর৷ তাঁর দল টিআরএস রাজ্য বিধানসভার প্রথম নির্বাচনে মোট ১১৯টি আসনের মধ্যে ৬৩টিতে জয়ী হয়৷ সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের সময় ওই নির্বাচন হয়৷
দীর্ঘ সংগ্রামের পূর্ণতা পাওয়ার এ ঐতিহাসিক মুহূর্ত তেলেঙ্গানাবাসী উদ্যাপন করেছে নানা আয়োজনে৷ তবে শপথ অনুষ্ঠানটি বিতর্কের ঊর্ধ্বে ছিল না৷ সীমান্ধ্র রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু ওই শপথ অনুষ্ঠানে যাননি৷
তেলেঙ্গানার আয়তন ৪৪ হাজার ৩৪০ বর্গমাইল৷ জনসংখ্যা তিন কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৭৫৭ (২০১১ সালের আদমশুমারি)৷
তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷