তেলের ট্যাংকে ভয়ংকর ২৪ ঘণ্টা
ট্রাকে জ্বালানি তেলের ট্যাংকের মধ্যে গাদাগাদি করে ছিলেন তাঁরা। ভেতরটা ছিল আগুনের মতো। ট্যাংকে বিছানো রাবারের কাপড়টি গলে যাচ্ছিল সেই তাপে। ডিজেলের কটু গন্ধে বমি আসছিল। মনে হচ্ছিল যেন এর চেয়ে মৃত্যু ভালো। এর মধ্যেই পার করতে হয় ২৪ ঘণ্টা। ভয়ংকর সেই ২৪ ঘণ্টার গল্প শুনিয়েছেন সিরিয়া যুদ্ধের শরণার্থী সাঈদ।
বিবিসি ম্যাগাজিনে গত বৃহস্পতিবার প্রকাশিত হয় সাঈদের সেই অভিজ্ঞতার কথা। সাঈদ, আনাস ও বদি। সিরিয়া যুদ্ধের তিন শরণার্থী। যুদ্ধের ভয়াবহতা থেকে পরিবারকে বাঁচাতে সিরিয়া ছাড়েন সাঈদ। তুরস্কে এসে দেখা মেলে আনাস ও বদির। গন্তব্য ইতালি। কিন্তু গ্রিস পার হতেই টাকা শেষ হয়ে যায়। ভাবেন গ্রিসেই যদি টিকে থাকা যায়। কিন্তু সেখানে পেট চালানো কঠিন হয়ে ওঠে।
এথেন্সে একটি ঘরে গাদাগাদি করে থাকতেন আনাস ও বদি। কোনো কাজ ছিল না। কেউ সাহায্যও করেনি। টিকে থাকার কোনো উপায় জানা ছিল না। এরপরও প্রতিদিন পুলিশ এসে কাগজপত্র দেখতে চাইত। দুর্ব্যবহার করত। এভাবে কেটে গেল দুই মাস।
এ অবস্থা থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠেন তাঁরা। এ সময় দেখা মেলে মানব পাচারকারীদের। বেশির ভাগই কুর্দি বা আরব। অল্প খরচে বিপদগ্রস্তদের ইউরোপীয় দেশে নিয়ে যান তাঁরা। বিমানে, নৌকায়, লরির জ্বালানি তেলের ট্যাংকে করে নিয়ে যাওয়া হয়। সিরিয়া যুদ্ধের শরণার্থীদের কাছে ইউরোপীয় দেশগুলোই একমাত্র নিরাপদ আশ্রয়। ইতালি, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস বা যুক্তরাজ্যে শরণার্থীদের সহজে অভিবাসী হওয়ার সুযোগ মেলে।
সাঈদ জানতেন, ট্যাংকে যাওয়া কতটা বিপজ্জনক। কিন্তু যেভাবেই হোক, গ্রিস থেকে বের হতেই হবে। তা না হলে স্ত্রী-সন্তান কেউ বাঁচবে না।
পরিচয় হয় মিসরীয় এক মানব পাচারকারীর সঙ্গে। ওমোনিয়া স্কয়ারে তিনি সাইবার ক্যাফের আড়ালে মানবপাচার করেন। ক্যাফেতে আসা ছেলেমেয়েরা স্কাইপেতে মা-বাবার সঙ্গে কথা বলেন। মিসরীয় পাচারকারী কান পেতে শোনেন কারা ইতালি বা ফ্রান্সে যেতে চায়। তাঁরই কাছে সাঈদ শোনেন গ্রিক ট্রাকচালকের কথা। তিনি মিলানে যাবেন। চার লাখের কিছু বেশি টাকা (পাঁচ হাজার ইউরো) হলে ওই লরির জ্বালানি তেলের ট্যাংকেই ইতালি যাওয়া ঠিক করেন সাঈদ। সঙ্গে আনাস, বদি ও একজন ইরাকি।
অজানার উদ্দেশে পা বাড়ান সাঈদেরা। মরবেন কি বাঁচবেন, জানেন না। ট্যাক্সিতে করে এথেন্স ছাড়েন। সমুদ্রের কাছের একটি শহরের গুদামঘরে ট্রাকটি ঢোকে। গুদামঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সবাইকে তেলের ট্যাংকে ঢোকার আগে শৌচাগারে যেতে বলা হয়। কিন্তু সাঈদ যেতে পারেননি। কারণ তিনি ছিলেন খুব উদ্বিগ্ন।
তেলের ট্যাংকটি দেখেই গলা শুকিয়ে আসে। এই ট্যাংকে করে যাত্রা অসম্ভব মনে হয়। তবু হামাগুড়ি দিয়ে একে একে ট্যাংকে ওঠেন তাঁরা। সবাই ওঠার পর ট্রাকের ইঞ্জিন চালু করেন চালক। এক মুহূর্তেই ট্যাংক আগুনের মতো হয়ে ওঠে। ডিজেলের কটু গন্ধে ভরে যায়। আনাস চিৎকার করে ওঠেন। ইঞ্জিন বন্ধ করেন চালক। তখনো ট্রাকটি গুদামঘর থেকে বের হয়নি। আনাস ট্যাংক থেকে লাফিয়ে নেমে যান। বলে ওঠেন, ‘আমার বাচ্চা আছে, আমি মরতে চাই না।’
আনাসের মতো আতঙ্কিত ছিলেন সাঈদ ও বদি। তাঁরা বুঝতে পারেন ওই ট্যাংকে করে চারজনের যাওয়া অসম্ভব। সবাই মিলে সিদ্ধান্ত নেন ইরাকি ব্যক্তিটি ফিরে যাবেন। একজন না যাওয়ায় চার লাখ টাকার ক্ষতি হয় লরিচালকের। তবে তিনিও চাননি ট্যাংকে করে চারজনকে নিয়ে যেতে। মিলানে পৌঁছে হয়তো দেখা যাবে ট্যাংকে তাঁদের মৃতদেহ পড়ে আছে। দুরবস্থা দেখে উল্টো তাঁদের প্রায় ৪২ হাজার টাকা (৫০০ ইউরো) দেন লরিচালক।
এবার ট্যাংকে ওঠার পালা। সৃষ্টিকর্তাকে স্মরণ করে সাঈদরা তিনজন ওঠেন। সাঈদ বলেন, ‘এক ঘণ্টা পরে এত প্রস্রাব পেয়েছিল যে পেট ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু কোনো উপায় ছিল না। ট্যাংকের মধ্যে আমরা ময়দার তালের মতো একসঙ্গে ছিলাম। ট্যাংকের মেঝেতে একটি রাবারের কাপড় বিছানো ছিল। গরমে এটি গলে যাচ্ছিল। কালো কালিতে আমাদের শরীর ভরে যায়। ট্যাংকটি ওভেনের মতো গরম ছিল। প্লাস্টিক গলে যাচ্ছিল। নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমরা মারা যাচ্ছি।’
লরি চলতে শুরু করে। সাঈদদের সঙ্গে কয়েকটি ছোট প্লাস্টিকের বোতল ছিল। থাকতে না পেরে শেষে আনাস ও বদি ওই বোতলে প্রস্রাব করেন। তা ছড়িয়ে পড়ে ট্যাংকে। নাকমুখ বুজে এভাবেই যেতে থাকেন তাঁরা।
মাঝপথে লরিটি ফেরিতে ওঠে। ইঞ্জিন বন্ধ হয়। ট্যাংকের ভেতরে তখন সাঈদরা প্রায় আধমরা। তবু ভয় যদি নিঃশ্বাসের শব্দও কেউ শুনে ফেলে। কাঠ হয়ে পড়ে থাকেন তাঁরা।
এই নরকের মধ্যে নিজেকে নানাভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছিলেন সাঈদ। মুঠোফোনে তুরস্কে রেখে আসা প্রিয় স্ত্রী ও সন্তানদের ছবি দেখছিলেন। চার বছরের যমজ দুই মেয়ে দিমা ও রিমার কথা ভেবে সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করছিলেন। তাদের জন্যই তো এত কষ্ট। ইতালি না পৌঁছাতে পারলে যুদ্ধক্ষেত্র থেকে কীভাবে বের করে আনবেন তাদের?
ট্যাংকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সাঈদের। মনে হচ্ছিল এই বুঝি মারা যাবেন। কিন্তু বাঁচতে হবেই। সাঈদ তাই ভাবতে থাকেন অনাগত সন্তানের কথা। তুরস্কে আলট্রাসাউন্ডে তাঁকে দেখেছেন সাঈদ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন অনাগত সন্তানের মুখ দেখতে পান।
নরক যন্ত্রণার শেষ হয়। লরি থামে। ট্যাংক থেকে কেউই নামতে পারছিলেন না। পা অসাড় হয়ে গেছে। হামাগুড়ি দিয়ে নামেন তাঁরা।
লরিচালক সাবধান করে দেন—এখন থেকে তিনি তাঁদের কাছে অপরিচিত।
কিছুক্ষণ রাস্তার ওপর শুয়ে থাকেন তিনজন। তখনো বিশ্বাস হচ্ছিল না যে বেঁচে আছেন। হাত-পা নাড়াতে থাকেন। আস্তে আস্তে উঠে বসেন। এত কষ্টের মধ্যেও পরস্পরের দিকে তাকিয়ে হাসেন তাঁরা। গলে যাওয়া রাবারের কালিতে তাঁদের মুখ ভরে গেছে। দেখাচ্ছে ভূতের মতো।
কাপড় বদলে এরপর শুরু হয় পথচলা। খুঁজতে খুঁজতে গ্রামের দিকে চলে যান তাঁরা। সাহায্য চান। ইতালির মানুষ সাদরে বরণ করে তাঁদের।