তেহরানে ন্যাম সম্মেলনে কড়া নিরাপত্তাব্যবস্থা
ইরানের রাজধানী তেহরানে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চলমান ষোড়শ শীর্ষ সম্মেলনে গতকাল সোমবার কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা চাপের মুখে থাকা ইরান এ সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পরিকল্পনা করেছে।যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তেহরানসহ ইরান জুড়ে গতকাল প্রায় এক লাখ ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ন্যাম কর্মকর্তারা বর্তমানে তেহরানে অবস্থান করছেন। গত রোববার সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম দুই দিন ন্যামের জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে মতবিনিময় হয়েছে। আজ মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আগামী বৃহস্পতিবার ন্যামের সদস্য দেশগুলোর শীর্ষনেতাদের সম্মেলন উদ্বোধন করবেন। আয়োজকেরা জানান, অন্তত ৩০টি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সম্মেলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।স্নায়ুযুদ্ধ চলাকালে ১৯৬১ সালে ন্যাম প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটির সদস্য ১২০টি দেশ নিজেদের ওয়াশিংটন এবং মস্কোর প্রভাব থেকে মুক্ত বলে দাবি করে। এএফপি।