ছয় বিশ্বশক্তি পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের প্রস্তাবের ‘সুস্পষ্ট ও বাস্তব’ জবাব দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। কাজাখস্তানের পার্বত্য নগর আলমাতিতে গতকাল শুক্রবার শুরু হওয়া নতুন দফা আলোচনায় এই আহ্বান জানানো হয়। বৈঠক শুরুর আগে ইরান অনমনীয় অবস্থান বজায় রেখে বলেছিল, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তার রয়েছে।ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধের বিনিময়ে ইরানের ওপর জাতিসংঘ আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমা প্রাধান্যপুষ্ট ছয় পরাশক্তি। গত ফেব্রুয়ারিতে এই আলমাতিতেই এ বছরের প্রথম বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। ছয় বিশ্বশক্তির প্রধান আলোচক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাস্টনের পক্ষে ইইউ মুখপাত্র মাইকেল ম্যান গতকাল বলেন, ‘আমরা আশা করছি, ইরান আমাদের প্রস্তাবের স্পষ্ট ও বাস্তব জবাব দেবে।’ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার জন্য গঠিত ছয়জাতি জোটের সদস্যরা হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। ইরানের প্রধান আলোচক সাইদ জলিলি গত বৃহস্পতিবার আলমাতির একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে বলেন, ‘আমরা মনে করি, আগামীকাল (শুক্রবার) আমাদের আলোচনা একটি কথার ওপর ভিত্তি করেই এগোতে পারে। আর তা হচ্ছে ইরানের অধিকার, বিশেষ করে তাদের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করে নেওয়া।’পর্যবেক্ষকেরা মনে করেন, মধ্যস্থতাকারী বিশ্বশক্তির কাছে এ দাবি গ্রহণযোগ্য হবে না; কারণ, পারমাণকিক বোমার উপকরণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। দেশটির ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। ইরান দাবি করে আসছে, তার পারমাণবিক কর্মসূচির লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাত।পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের ধারণা, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। তবে ইরান তা অস্বীকার করে আসছে।ইরানের হামলার আশঙ্কার যুক্তি দেখিয়ে দেশটি যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে লক্ষ্যে সামরিক হামলা চালানোর পক্ষে ইসরায়েল। তবে এ ধরনের পদক্ষেপে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপকভাবে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে যুক্তরাষ্ট্রের। তাই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজছে ওয়াশিংটন। তবে এ প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে তারা।ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা তাঁদের নিজস্ব প্রস্তাব নিয়ে আলমাতির আলোচনায় গেছেন। তবে ওই প্রস্তাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।দুই দিনব্যাপী এ বৈঠক আজ শনিবার পর্যন্ত চলবে। আপাতত কোনো মতৈক্যে পৌঁছানো না গেলেও অন্তত প্রস্তাবটির সুনির্দিষ্ট কিছু বিষয়ে দায়িত্বশীল আলোচনার আশা করছেন পশ্চিমা কূটনীতিকেরা। এএফপি ও রয়টার্স।