তেহেলকা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে পুলিশের এফআইআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ তেজপাল
তরুণ তেজপাল

ভারতের প্রভাবশালী সাপ্তাহিক ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর করেছে গোয়ার পুলিশ। পুলিশ দিল্লিতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করবে বলে জানানো হয়েছে। ‘তেহেলকা’র এক নারী সাংবাদিক তেজপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, অভিযোগকারী নারী সাংবাদিক চলতি মাসের শুরুতে পর্যটন নগর গোয়ায় ‘তেহেলকা’ আয়োজিত এক অনুষ্ঠানে তেজপালের যৌন নির্যাতনের শিকার হন বলে জানান।

এদিকে তরুণ তেজপাল বলেছেন, তিনি পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তিনি পুলিশের প্রতি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করার আহ্বান জানান। তেজপাল বলেন, পুলিশ এটি পরীক্ষা করে প্রাপ্ত তথ্য প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করুক।

গোয়া পুলিশ জানিয়েছে, যে পাঁচতারকা হোটেলে ওই নারী সাংবাদিক যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন, সেখানকার সিসিটিভি ক্যামেরার ভিডিওচিত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে ‘তেহেলকা’র ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরী বলেছেন, তরুণ তেজপাল ও অভিযোগকারী সাংবাদিকের ভাষ্যের মধ্যে গরমিল আছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছেন। তিনি আরও বলেন, ভাষ্যের গরমিল থাকা সত্ত্বেও তেজপালকে তিনি ওই তরুণ নারী সাংবাদিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন।

২০০০ সালে অনলাইন সংবাদ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করা তেহেলকা ডটকম চাঞ্চল্যকর খবর প্রকাশ করে খ্যাতি পায়। বেশ কয়েকটি পুরস্কার পাওয়া পোর্টালটি একপর্যায়ে মুদ্রিত সংবাদপত্রে রূপ নেয়।

ওই নারী সাংবাদিক প্রথমে সরাসরি পুলিশের কাছে অভিযোগ না করে ই-মেইলের মাধ্যমে সোমা চৌধুরীকে বিষয়টি জানিয়েছিলেন।

গোয়া পুলিশকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।