শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস চীনের সঙ্গে যৌথভাবে নতুন ও নিরাপদ পারমাণবিক চুল্লি তৈরি করতে যাচ্ছেন। গত বুধবার বিল গেটস বিষয়টি নিশ্চিত করেছেন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বিল গেটস বলেন, ‘এই নতুন পদ্ধতিতে তৈরি চুল্লিতে ব্যয় হবে কম, খুব নিরাপদ এবং বর্জ্যের পরিমাণও হবে খুব কম।’বিল গেটস ওয়াশিংটনভিত্তিক টেরাপাওয়ার কোম্পানিতে এ জন্য বেশ বড় অঙ্কের অর্থ দিয়েছেন। কোম্পানিটি চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লির উন্নয়নে কাজ করছে।সরকারি মালিকানাধীন চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশনের (সিএনএনসি) প্রধান ব্যবস্থাপক সান কিন গত সপ্তাহে বলেছিলেন, ‘গেটস বিষয়টি নিয়ে গবেষণা এবং একটি উন্নত পারমাণবিক চুল্লি তৈরির জন্য কাজ করছেন।’বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে উল্লেখ করে গেটস বলেন, ‘টেরাপাওয়ারের সঙ্গে সিএনএনসি ও চীনের অনেক ব্যক্তির সঙ্গে ভালো জানাশোনা আছে।’ তিনি জানান, গবেষণার জন্য প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হতে পারে এবং নতুন ধরনের এ চুল্লি তৈরির জন্য আরও পাঁচ বছর সময় লেগে যেতে পারে। তিনি বলেন, ‘নতুন এ চুল্লি হবে খুবই নিরাপদ, এ ছাড়া মানুষের শরীরের ওপর এর কোনো প্রভাব না থাকায় এটা সব সময়ই নিরাপদ।’ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস থেকে নিরাপদ রাখার জন্যও চুল্লিতে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর পর বিল গেটস জনসেবামূলক কাজের পাশাপাশি জনস্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ইস্যুতে প্রচারণা চালাচ্ছেন।দারিদ্র্য দূরীকরণে সাহায্য করবে এমন নতুন নতুন গবেষণাকাজে সহায়তা দিতে যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করবে। এরই অংশ হিসেবে যৌথভাবে বিল গেটস চীনের নতুন পারমাণবিক চুল্লি তৈরির এ পরিকল্পনার কথা জানান।বিল গেটস জানান, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এমন উদ্যোক্তা-কোম্পানি চিহ্নিত করবে, যাদের উৎপাদিত নতুন পণ্য বিশ্বস্বাস্থ্য ও কৃষিতে অনবদ্য অবদান রাখবে এবং গরিব মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। দ্য গার্ডিয়ান অনলাইন।