তোলা হলো নেরুদার দেহাবশেষ
নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদার দেহাবশেষ গতকাল সোমবার মাটি খুঁড়ে তোলা হয়েছে। ভিসেরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তাঁর মৃত্যুরহস্য উদ্ঘাটন করার লক্ষ্যে চিলি কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়।পাবলো নেরুদা ক্যানসারে মারা গেছেন, নাকি তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষায় এই বিতর্কের সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।১৯৭৩ সালে চিলির সমাজবাদী প্রেসিডেন্ট সালভাদর আইয়েন্দেকে সামরিক অভ্যুত্থানে উৎখাত করে ক্ষমতায় আসেন জেনারেল অগাস্তো পিনোশে। এই সামরিক অভ্যুত্থানের ১২ দিন পরই স্বৈরশাসকের ঘোরবিরোধী বিখ্যাত কবি নেরুদা মৃত্যুবরণ করেন। প্রোস্টেট ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে বলে ব্যাপকভাবে প্রচারণা চালানো হলেও তাঁকে বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে, এমন অভিযোগ উঠেছে।নেরুদার ব্যক্তিগত সহকারী ম্যানুয়েল অ্যারেইয়ার ওই অভিযোগের পর ২০১১ সালে দেশটির কর্মকর্তারা পিনোশের চরদের দিয়ে তাঁকে মেরে ফেলার সম্ভাবনার ওপর তদন্ত শুরু করেন। এএফপি ও বিবিসি।