ত্রাণ এসেছে প্রচুর, সমন্বয়হীনতাই প্রধান সমস্যা: প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের আট দিনের মাথায় গতকাল বুধবার আবার ভূমিকম্প হয়েছে। গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। এদিকে দেশটির প্রেসিডেন্ট রেনি প্রিভাল জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অনেক ত্রাণ এলেও বিতরণে সমন্বয়হীনতাই এখন প্রধান সমস্যা। এদিকে পোর্ট অ প্রিন্সে এখনো লুটপাট হচ্ছে। লুটপাটকারীদের উদ্দেশ্যে পুলিশের ছোড়া গুলিতে মঙ্গলবার এক কিশোরী নিহত হয়েছে। ভূমিকম্পে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতিসংঘ।গতকাল স্থানীয় সময় সকাল ছয়টা ৩ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পোর্ট অ প্রিন্স। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে ৫৯ কিলোমিটার পশ্চিমে।রাজধানীবাসী জানিয়েছে, সামান্য কম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি। তবে তিনি ভবন ভেঙেচুরে পড়ার শব্দ পেয়েছেন।রাজধানী এবং দেশের অন্যান্য অংশেও ত্রাণ তত্পরতা জোরদার করেছে মার্কিন বাহিনী। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে অনেক ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই সব কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।এদিকে আগামী ছয় মাসের জন্য আরও সাড়ে তিন হাজার সেনা পাঠাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রস্তাব অনুমোদন করেছে নিরাপত্তা পরিষদ। বান কি মুন জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের এই ত্বরিত সিদ্ধান্তে তিনি কৃতজ্ঞ এবং এ থেকেই প্রমাণিত হয়েছে, হাইতির দুর্গত মানুষের পাশে আছে বিশ্ব।তবে হাইতির প্রেসিডেন্ট রেনি প্রিভাল জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অনেক ত্রাণ এলেও বিতরণে সমন্বয়হীনতার কারণে হিমশিম খেতে হচ্ছে ত্রাণকর্মীদের। গতকাল বুধবার ফরাসি একটি রেডিওকে রেনি প্রিভাল বলেন, ‘খুব দ্রুত ত্রাণ এসেছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা। আরও সাহায্য আসছে, কিন্তু সেগুলো গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুতি নেই।’প্রেসিডেন্ট বলেন, ‘ত্রাণ পৌঁছানোর পর সেগুলো পরিবহনের জন্য যানবাহন নেই, কোথায় গুদামজাত করা হবে, সেটাও ঠিক নেই।’ দেশের মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে রেনি প্রিভাল আশা করেন। রাজধানীতে পুলিশের গুলিতে গত মঙ্গলবার ১৫ বছরের এক কিশোরী নিহত হয়েছে। ফেবিআন্নি চেরিশমা নামের ওই কিশোরীর পরিবার জানায়, শহরের মার্থালি শেই সড়কে ধ্বংস হওয়া বাড়িঘর থেকে মালামাল লুট করছিল লোকজন। এ সময় পাশে দাঁড়িয়ে ছিল ফেবিআন্নি। লুটপাটকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতেই সে মারা যায়।ভূমিকম্পে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। মঙ্গলবার তাদের অনেকের পরিচয় জানানো হয়েছে। গত রোববার হাইতি সফরকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিশ্চিত করেছিলেন, হাইতিতে জাতিসংঘ মিশনপ্রধান হেদি আন্নাবি, উপপ্রধান লুইস কার্লোস দ্য কোস্তা এবং নির্বাহী পুলিশ কমিশনার দউগ কোটিস ভূমিকম্পে মারা গেছেন।মারা যাওয়া ৪৭ জনের মধ্যে শুধু ব্রাজিলের নাগরিক ১৯ জন বলে জানানো হয়েছে। এ ছাড়া এখনো জাতিসংঘের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিখোঁজ রয়েছেন।সরকারিভাবে এ পর্যন্ত ৭৫ হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা দুই লাখের বেশি হতে পারে।এদিকে জাতিসংঘ গতকাল জানিয়েছে, ১২ জানুয়ারির ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১২১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিভিন্ন দেশের উদ্বারকর্মীরা। এর আগে গত মঙ্গলবার জানিয়েছিল এই সংখ্যা ৯০ এবং তার আগের দিন ছিল ৭০।গত মঙ্গলবার রাজধানীর একটি গির্জার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ সময় ওই বৃদ্ধা গান গাইছিলেন। ভূমিকম্পের সাত দিন পর বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করার এই ঘটনাকে সেখানকার লোকজন অলৌকিক বলেই মনে করছে।ব্রিটিশ দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সারহ উইলসন বলেন, এটা সত্যিই বিস্ময়কর। কেউই বিশ্বাস করতে পারছিল না তিনি বেঁচে আছেন।সারহ উইলসন আরও বলেন, দেখে মনে হচ্ছিল এ কয়দিন উদ্ধারকারীরা বুঝি তাঁকে নলের মাধ্যমে খাবার ও পানি দিয়েছে। তাঁকে যখন বের করা হয়, তখন তিনি গান গাইছিলেন। দেখে সবাই হাততালি দিয়ে উত্ফুল্ল হয়ে ওঠে।আন্না জেজি নামের প্রায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধাকে উদ্ধারের ঘটনা অনেককে আশা জাগিয়েছে। উদ্ধারকারীরাও কাজে উত্সাহিত হয়েছে। আটকে থাকা লোকজনকে জীবিত অবস্থায় উদ্ধারের আশায় এখনো দিনরাত কাজ করছে বিভিন্ন দেশের কয়েক শ উদ্ধারকারী।জেজির ছেলে ম্যাক্সিম জেভিয়ার সিএনএনকে এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি একমুহূর্তের জন্যও আশা ছাড়িনি। আমরা প্রার্থনা করছিলাম যেন এমনটিই ঘটে।’ভূমিকম্পে এতিম হয়ে পড়া হাইতির ৫৩টি শিশুকে গত মঙ্গলবার একটি সামরিক পরিবহন বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এসব শিশুকে দত্তক নিতে চায় এমন অনেক আমেরিকান বিমানবন্দরে উপস্থিত ছিল।পিটার্সবুর্গ হাসপাতালের মুখপাত্র মার্ক লুকাসিয়াক জানান, এতিম শিশুদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ওই শিশুদের বেশির ভাগের বয়স চার বছরের কম। এদের অনেকেই পানিস্বল্পতা ও ডায়রিয়ায় ভুগছে বলে তিনি জানান। হাইতির এতিম শিশুদের যাতে যুক্তরাষ্ট্রের লোকজন চাইলে দত্তক নিতে পারে, সে জন্য প্রয়োজনীয় নিয়মকানুন শিথিল করেছে কর্তৃপক্ষ। এএফপি, বিবিসি অনলাইন।