ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ইসরায়েল আইন লঙ্ঘন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলেছে, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। ওই সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে দেশটির সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ইসরায়েল বিনা উসকানিতে ওই হামলা চালিয়েছে।জাতিসংঘ মানবাধিকার পরিষদের (হিউম্যান রাইটস কাউন্সিল) এক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গত বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়েছে। তারা বর্বরতাকেও হার মানিয়েছে। এসব অপরাধে ইসরায়েলকে বিচারের সম্মুখীন করাকে সমর্থন জানানো যেতে পারে।ইসরায়েল এ প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘একপেশে’ বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, ইসরায়েলের সেনাবাহিনী আত্মরক্ষার স্বার্থে ওই অভিযান চালাতে বাধ্য হয়েছে। গত ৩১ মে এ হামলার ঘটনা ঘটে। গাজা ভূখণ্ডের জন্য ত্রাণসহায়তা নিয়ে আসা একটি নৌবহরে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এতে নয়জন তুর্কি নাগরিক নিহত ও আরও অনেকে আহত হন। এ ঘটনার পর সারা বিশ্বে ইসরায়েলের কড়া সমালোচনা হয়। পাশাপাশি তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি ঘটে। জাতিসংঘ এ ঘটনা তদন্তে তিনজন আন্তর্জাতিক আইনজীবী নিয়ে একটি কমিটি গঠন করে। দীর্ঘ তদন্ত শেষে বুধবার ৫৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে তদন্ত দলটি। প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভা কনভেনশনের ১৪৭ নং অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছে। তারা ত্রাণকর্মীদের প্রতি অমানবিক আচারণ করেছে। তাদের হামলায় অনেকে মারাত্মক আহত হয়েছে। এসব অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে বিচার কার্যক্রমে সমর্থন জানানো যেতে পারে। এতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি অঞ্চলে অবরোধ সৃষ্টি করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধের কারণে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।চারটি দেশের শতাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এ প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ তদন্ত দল। সাক্ষাৎকারদাতাদের মধ্যে ব্রিটেন, জর্ডান, সুইজারল্যান্ড ও তুরস্কের নাগরিক রয়েছেন। তবে ইসরায়েলের কারও সঙ্গে কথা বলেননি তদন্ত দলের সদস্যরা।বুধবার রাতেই এ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ইসরায়েল নিজে ওই ঘটনার তদন্ত করেছে এবং এখনো করছে। তাদের তদন্ত দলে দুজন আন্তর্জাতিক পর্যবেক্ষক রয়েছেন। জাতিসংঘ তদন্ত দলের সঙ্গেও তাঁরা কাজ করতে চেয়েছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ তদন্ত দল যে প্রতিবেদন পেশ করেছে, তা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একপেশে।জাতিসংঘ তদন্ত দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক কার্ল হাডসন ফিলিপস। অন্য দুজন সদস্য হলেন সিয়েরা লিওনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি ডেসমন্ড ডি সিলভা ও মালয়েশিয়ার মানবাধিকার বিশেষজ্ঞ শানথি দাইরিয়াম। বিবিসি ও এএফপি।