ত্রাণের গাড়িবহরে হামলা সত্ত্বেও কার্যক্রম চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য সিরিয়ার অবরুদ্ধ হোমস শহরে গত শনিবার জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহরে হামলা হয়েছে। তার পরও ত্রাণ-সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রায় দেড় বছর ধরে অবরুদ্ধ থাকা হোমসে শনিবার প্রথমবারের মতো ত্রাণবাহী গাড়িবহর ঢুকতে দেওয়া হয়। সিরিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর গত শুক্রবার হোমস থেকে অবরুদ্ধ ৮৩ জন বেসামরিক লোক বেরিয়ে আসে। তারপর শনিবার অবরুদ্ধ থাকা আড়াই হাজারের মতো মানুষের জন্য ত্রাণসামগ্রীর গাড়িবহর নিয়ে হোমসে ঢোকেন জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের কর্মীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শনিবারও হোমসে বিচ্ছিন্নভাবে মর্টার হামলা হওয়ায় ত্রাণের গাড়িবহর ঢুকতে কিছুটা দেরি হয়। রেড ক্রিসেন্ট থেকে জানানো হয়, গাড়িবহর ঢোকার পথে হামলার শিকার হয়। কয়েকটি মর্টারের গোলা গাড়িবহরের কাছে এসে পড়ে। ত্রাণবাহী ট্রাকগুলো লক্ষ্য করে গুলিও চালানো হয়। এতে একজন ট্রাকচালক আহত হয়েছেন।
রেড ক্রিসেন্টের মুখপাত্র খালেদ একসুসি জানান, হামলার সময় কর্মীরা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যান। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দুটি ট্রাক রেখেই শহরের ভেতরে যেতে হয়েছে সাহায্যকর্মীদের। রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে জানানো হয়, হামলার শিকার হওয়ার পরও খাবারের ২৫০টি প্যাকেট ও ওষুধপত্র বিতরণ করা হয়েছে।
ত্রাণবাহী গাড়িবহরে হামলার জন্য সেনাবাহিনী ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করেছে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস ত্রাণের গাড়িবহরে হামলার ঘটনায় গভীর হতাশা ব্যক্ত করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই পক্ষই তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। কিন্তু শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলো। হামলাকারীরা সাহায্যকর্মীদের লক্ষ্য করেও গুলি ছুড়েছে।’
আমোস বলেন, জাতিসংঘ ও দাতা সংস্থাগুলোর ত্রাণ-সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। বিবিসি ও রয়টার্স।