ত্রাণের জন্য বেঁচে যাওয়াদের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজার হাজার মানুষ এখন ত্রাণের জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। বাড়িঘর হারিয়ে প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাটানো দুর্গত লোকজন ত্রাণ বিতরণের ধীরগতিতে সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা গতকাল বৃহস্পতিবার ৩৫০ জনে পৌঁছেছে।
গত মঙ্গলবারের ৭ দশমিক ৭ মাত্রার ওই প্রচণ্ড ভূমিকম্পে গৃহহীন হয়েছে এক লাখের বেশি মানুষ। বুধবার তাদের অনেকে দ্বিতীয় দিনের মতো খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ অস্থায়ী আশ্রয়শিবিরে রাত কাটায়। ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনগ্রসর প্রদেশটির দুর্গম প্রত্যন্ত এলাকায় গতকালও উদ্ধারকর্মীরা পৌঁছানোর প্রাণপণ চেষ্টা চালান।
উদ্ধারকাজে সহায়তা করতে সেনাসদস্য, চিকিৎসাকর্মী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা আওয়ারানে ত্রাণ ও আশ্রয় না পাওয়ার অভিযোগে সরকারি দপ্তরের সামনে ২০০ মানুষ বিক্ষোভ করেছেন।
এ রকম পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার পার্লামেন্টে বলেন, দুর্গতদের সহায়তায় ‘ব্যাপক তৎপরতা’ অব্যাহত রয়েছে। তবে উদ্ধারকর্মীদের ভূমিকম্পের ৪০ ঘণ্টা পরও কিছু এলাকায় পৌঁছাতে রীতিমতো লড়তে হচ্ছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান আবদুল লতিফ কাকার গতকাল এএফপিকে জানান, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৪৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে আওয়ারান জেলায়ই ৩০০ জনের বেশি মারা গেছে। তবে প্রদেশটির সরকারি মুখপাত্র মোহাম্মদ জান বুলেদির বরাত দিয়েডন জানিয়েছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ৩৫০।
এদিকে গতকাল আওয়ারানে পরিদর্শনে যাওয়া জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেজর জেনারেল সাঈদ আলিমকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। বেলুচিস্তানে গত এক দশক বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। এএফপি ও ডন।