ত্রিপুরায় পিতৃত্বকালীন ছুটি
সরকারি কর্মজীবী নারীদের জন্য ভারতজুড়েই মাতৃত্বকালীন ছুটির বিধান চালু রয়েছে। এবার সরকারি কর্মজীবী পুরুষদের জন্য ত্রিপুরা রাজ্যে পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করা হয়েছে। ত্রিপুরায় যেসব সরকারি কর্মজীবী পুরুষ বাবা হবেন, তাঁরা সাত দিনের ছুটি কাটাতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার গত বুধবার থেকে এই ছুটির বিধান কার্যকরের ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় সরকারি কর্মজীবী পুরুষেরা পিতৃত্বকালীন ছুটির জন্য দাবি জানিয়ে আসছিলেন। গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সন্তানের দেখভালের জন্য মায়ের পাশাপাশি বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মানবিক কারণে রাজ্য সরকার পুরুষ কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শুধু প্রথম দুই সন্তানের জন্য সরকারি কর্মজীবীরা পিতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন। একই সঙ্গে কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে।