ত্রিপুরায় ফের বামফ্রন্ট জয়ী
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বামফ্রন্ট। এ নিয়ে বিধানসভা নির্বাচনে টানা পাঁচবার জয়ী হলো বামফ্রন্ট। গত ১৪ ফেব্রুয়ারি বিধানসভার ৬০ আসনে ভোট গ্রহণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোট গণনা করা হয়। সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বামফ্রন্ট ৪৪টি আসনে জয়ী এবং ছয়টি আসনে এগিয়ে আছে। আর কংগ্রেস সাতটি আসনে জয়ী এবং তিনটি আসনে এগিয়ে রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরা রাজ্যে ক্ষমতাসীন ছিল বামফ্রন্ট। তবে ২০১১ সালের পশ্চিমবঙ্গ ও কেরালার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা হারায় বামফ্রন্ট। মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার নির্বাচনেরও ভোট গণনা হয়েছে। দুই বিধানসভার ৬০টি করে আসনে ভোট গ্রহণ করা হয় ২৩ ফেব্রুয়ারি। মেঘালয়ে কংগ্রেস ও ইউডিএফ জোট এবং নাগাল্যান্ডে আঞ্চলিক দল এনপিএফ বা নাগা পিপলস ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।পশ্চিমবঙ্গের বিধানসভার তিনটি আসনের উপনির্বাচনের ফলও গতকাল ঘোষণা করা হয়েছে। এই তিন আসনের মধ্যে বীরভূমের নলহাটিতে বামফ্রন্ট, মুর্শিদাবাদের রেজিনগরে কংগ্রেস এবং মালদহের ইংরেজবাজারে তৃণমূল জয়ী হয়। এই তিনটি আসনই কংগ্রেসের ছিল। দুটি আসনের বিধায়কেরা তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হলে আসনগুলো শূন্য হয়। আর একটি আসনের বিধায়ক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে সাংসদ নির্বাচিত হলে সেটি শূন্য হয়।