ত্রিপোলি বিমানবন্দরে হামলা, বেশির ভাগ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত
লিবিয়ার রাজধানী ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে দুজন নিহত এবং বিমানবন্দরে থাকা বেশির ভাগ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর লিবিয়া থেকে কর্মীদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স ও বিবিসির।
এর আগে গত রোববার ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবং দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সশস্ত্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়। দেশটির এক কর্মকর্তা জানান, সোমবার ত্রিপোলি বিমানবন্দরে বেশ কয়েকটি রকেট হামলা চালানোর ফলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র আহমেদ লামিন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রকেট হামলায় বিমানবন্দরের ৯০ শতাংশ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাহিনী ডাকার কথা ভাবছে সরকার।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গভীর সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে।