ত্রিপোলি এখন লাশের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী এবং বিদ্রোহী যোদ্ধাদের লড়াইয়ের ভয়াবহতা ধীরে ধীরে বেরিয়ে আসছে। ত্রিপোলি দখলের লড়াইয়ের প্রায় সপ্তাহ পর এখন পাওয়া যাচ্ছে লাশের স্তূপ, গণকবর। বোঝা যাচ্ছে, প্রতিশোধ নিতে দুই পক্ষই নির্বিচারে মানুষ হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে বাড়িঘর।ত্রিপোলির বিভিন্ন জায়গায় এখন ধ্বংসের স্তূপ। এ অবস্থায় সেখানে নতুন সংকট ওষুধ, চিকিৎসাসামগ্রী, বিদ্যুৎ ও পানি। কিন্তু এ সংকট মোকাবিলায় এখনো বড় ধরনের কোনো তৎপরতা নেই। যুদ্ধবিধ্বস্ত শহরে এসব সেবা দিতে নেই কোনো প্রশাসন, কর্তৃপক্ষ।কৃষিপণ্যের একটি গুদামে পাওয়া গেছে প্রায় ৫৩ জনের পুড়ে যাওয়া লাশ। ওই লাশগুলো সম্ভবত গাদ্দাফিবিরোধীদের। পিছু হটার আগে তাদের হত্যা করে গেছে গাদ্দাফি বাহিনী। তাদের হয়তো ওই গুদামে আটকে রাখা হয়েছিল। পরে গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, গাদ্দাফি বাহিনী বেসামরিক নাগরিকদের পাশাপাশি বন্দীদেরও হত্যা করে থাকতে পারে।ব্রিটেনের স্কাই টেলিভিশনে গত শনিবার প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, অনেকগুলো মানুষের কঙ্কাল স্তূপ হয়ে পড়ে রয়েছে। এর মধ্য থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল।শহরের তাজুরা এলাকায় ২২ আফ্রিকান ব্যক্তির লাশ কবর দিতে লোকজন গণকবর খুঁড়ছে। গাদ্দাফির পক্ষে ভাড়াটে খুনি হিসেবে কাজ করতে তারা হয়তো এসেছিল আফ্রিকার কোনো দেশ থেকে। একটি লাশ দেখা যায় পিঠমোড়া দিয়ে হাত বাঁধা। স্থানীয় বাসিন্দা হাইথাম মোহাম্মাদ বলেন, ‘বিদ্রোহী যোদ্ধারা তাদের আত্মসমর্পণ করতে বলেছিল, কিন্তু তারা রাজি হয়নি।’দুই পক্ষে ঠান্ডা মাথায় এমন হত্যাযজ্ঞের ঘটনা প্রকাশ পাচ্ছে একটার পর একটা। ফলে উল্লাসের সঙ্গে ত্রিপোলির মানুষ গাদ্দাফির পতনের পর বিদ্রোহী যোদ্ধাদের স্বাগত জানিয়েছিল, তা এখন ফিকে হয়ে আসছে।ত্রিপোলি এখন এক অরাজক শহর। চারদিকে চলছে লুটপাট। গত শনিবার গাদ্দাফির একটি বাসভবনে লুটপাট চালায় মানুষ। গাদ্দাফি কোথায় আছে জানা যাচ্ছে না। তবে বিদ্রোহীরা তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল বলেছেন, ‘গাদ্দাফি বা তাঁর ছেলেরা কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য আমাদের হাতে নেই।’এনটিসি দাবি করছে, তারা কোনো প্রতিশোধমূলক হত্যাকাণ্ড চালায়নি। ত্রিপোলিতে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তারা। তবে এনটিসি নেতৃত্ব এখনো বেনগাজি থেকে তাঁদের নির্বাহী কার্যালয় ত্রিপোলিতে স্থানান্তর করতে পারেনি।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, লিবিয়ার অবস্থা ইরাকের মতো হতে পারে। ২০০৩ সালে স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের পর হানাহানি-সহিংসতা যেভাবে বেড়ে গিয়েছিল, লিবিয়ায় গাদ্দাফির পতনের পরও সেই অবস্থা হতে পারে।বিশেষজ্ঞরা মনে করেন, লিবিয়া এখন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আছে। নতুন নেতৃত্ব তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে সামনে চরম রক্তক্ষয়ের দিন অপেক্ষা করছে। রয়টার্স।