লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি রাজধানী ত্রিপোলি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।গাদ্দাফি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে তাঁকে দেশে থাকতে দেওয়া হতে পারে বলে বিদ্রোহীরা আভাস দিয়েছে, এমন দাবি করেছে পত্রিকাটি।এদিকে বিবিসির দাবি, গাদ্দাফির পতন ত্বরান্বিত করতে বিদ্রোহীরা ত্রিপোলিতে অবস্থানরত সরকারবিরোধী বিভিন্ন গুপ্ত সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের বলেন, মার্কিন গোয়েন্দারা বলছেন, গাদ্দাফি রাজধানীতে এখন আর ‘নিরাপত্তাবোধ করছেন না’। অবশ্য অন্য কর্মকর্তারা পত্রিকাটিকে বলেন, তাঁরা গাদ্দাফির ত্রিপোলি ত্যাগকে অত্যাসন্ন মনে করছেন না। এমনকি গাদ্দাফি লিবিয়া ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে পারেন, এ কথাও তাঁরা বিশ্বাস করেন না।বিবিসি বলেছে, লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্র্যানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সদস্য আলামিন বেলহাজ তাদের জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা ত্রিপোলিতে থাকা গাদ্দাফিবিরোধী গোপন সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। অল্প সময়ের মধ্যে কীভাবে গাদ্দাফির পতন ঘটানো যায়, তা নিয়ে তারা আলোচনা করছে। তিনি বলেন, ইন্টারনেটভিত্তিক সফটওয়্যার স্কাইপে এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাঁরা যোগাযোগ রাখছেন। আলামিন বেলহাজ বলেন, এনটিসির পাঁচ সদস্য প্রতি রাতেই ত্রিপোলিতে থাকা প্রায় ১০০ জন লোকের সঙ্গে কথা বলেন। ত্রিপোলির লোকজন গাদ্দাফি সম্পর্কে কী ধারণা করছে, মসজিদে মসজিদে বা রাস্তায় লোকজন কী আলোচনা করছে—এসব নিয়মিত তাঁরা এনটিসিকে জানাচ্ছেন।ধারণা করা হয়, রাজধানী ও রাজধানীর বাইরে গাদ্দাফির একাধিক সুরক্ষিত স্থাপনা আছে। সেগুলোর কোনো একটিতে তিনি বর্তমানে অবস্থান করছেন।বিদ্রোহীদের মুখপাত্র মাহমুদ শামাম ফ্রান্সের দৈনিক লি ফিগারোকে বলেছেন, তাঁরা পরোক্ষ মধ্যস্থতাকারীর মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন এবং ক্ষমতা ছাড়ার শর্তে গাদ্দাফিকে দেশে থাকার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তিনি বলেন, গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তে হবে এবং তাঁর পরিবারের কোনো সদস্য ভবিষ্যৎ সরকারে থাকতে পারবেন না।তবে বিদ্রোহীদের রাজধানী বেনগাজিতে এনটিসির ডেপুটি চেয়ারম্যান আবদেল হাফিজ ঘোগা এএফপিকে বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষ—কোনো মাধ্যমেই গাদ্দাফি সরকারের সঙ্গে এনটিসি যোগাযোগ করেনি।বিদ্রোহীদের অপর নেতা কর্নেল আহমেদ ওমর বানি বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে তাঁদের অস্ত্র দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা (অস্ত্র সরবরাহ) খুবই জরুরি। আমরা লড়ব। আমাদের শুধু সমর্থন দিন। আমাদের শুধু অস্ত্র দিন।’ এএফপি ও বিবিসি।